সপ্তম বেতন কমিশন, মহিলাদের ফ্রি বাস পরিষেবা ও অন্নপূর্ণা যোজনায় অনুমোদন, ধর্মীয় ভাতা বন্ধ!

ইমাম ভাতা ও পুরোহিত ভাতা বন্ধের ইঙ্গিতের পাশাপাশি সপ্তম বেতন কমিশন, মহিলাদের ফ্রি বাস পরিষেবা ও অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দিল মন্ত্রিসভা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প বন্ধ করার বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ইমাম ভাতা ও পুরোহিত ভাতার মতো প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করা হতে পারে। একই বৈঠকে সপ্তম বেতন কমিশন, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা এবং অন্নপূর্ণা যোজনার মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর অগ্নিমিত্রা পাল বলেন, “তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।”

এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। বহু বছর ধরে ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছিল। নতুন সরকারের এই সিদ্ধান্ত সেই বিতর্ককে নতুন মাত্রা দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সপ্তম বেতন কমিশন, মহিলাদের ফ্রি বাস পরিষেবা ও অন্নপূর্ণা যোজনায় অনুমোদন, ধর্মীয় ভাতা বন্ধ!

সপ্তম বেতন কমিশন, মহিলাদের ফ্রি বাস পরিষেবা ও অন্নপূর্ণা যোজনায় অনুমোদন, ধর্মীয় ভাতা বন্ধ!
সপ্তম বেতন কমিশন, মহিলাদের ফ্রি বাস পরিষেবা ও অন্নপূর্ণা যোজনায় অনুমোদন, ধর্মীয় ভাতা বন্ধ!

এদিনের বৈঠকে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরে ডিএ এবং বেতন কাঠামো নিয়ে অসন্তোষের মধ্যে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সরকারি কর্মীদের একাংশ।

এছাড়াও ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত প্রকল্পেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের দাবি, মহিলাদের নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। যদিও প্রকল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, প্রশাসনিক সূত্রের দাবি খুব শীঘ্রই আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে।

সোমবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালও।

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের আগে থেকেই ডিএ, বেতন কমিশন, নারী নিরাপত্তা, আরজি কর কাণ্ড এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম বৈঠকের পর তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে “সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের নতুন যাত্রা” শুরু হয়েছে।

সোমবারের বৈঠকের পর স্পষ্ট, নতুন সরকার প্রশাসনিক ও আর্থিক নীতিতে দ্রুত একাধিক পরিবর্তনের পথে হাঁটছে। ধর্মীয় ভাতা থেকে সরকারি কর্মীদের বেতন কাঠামো— একাধিক সিদ্ধান্ত এখন সরাসরি প্রভাব ফেলতে চলেছে রাজ্যের বড় অংশের মানুষের উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত