যোগী নয় ‘মোদী ম্যাজিকে’ই ফের উত্তরপ্রদেশ জয় করবে বিজেপি, নিশ্চিত একে শর্মা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যোগী নয় ‘মোদী ম্যাজিকে’ই ফের উত্তরপ্রদেশ জয় করবে বিজেপি, নিশ্চিত একে শর্মা। চার রাজ্যে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আসাম ছাড়া সর্বত্র মুখ থুবড়ে পড়েছে বিজেপির বিজয়রথ। এমন অবস্থায় অন্যান্য রাজ্যগুলিতে বিজেপি ঝড় থামাতে এককাট্টা হয়ে নামার প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দলগুলি। এই নিয়ে আজ এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূল কংগ্রেস সহ ১৫ বিরোধী দলের বৈঠক হয়। আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপিকে হারিয়ে ২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদীকে গদিচ্যুত করার পরিকল্পনা শুরু করেছে বিরোধী দলগুলি।

আরও পড়ুনঃ বাড়ছে করোনা মুক্তির পর গ্রিণ ফাঙ্গাসের সংক্রমণ! উদ্বেগ চিকিৎসকমহলে

এমন অবস্থায় সামনে বছরেই বিজেপি সরকারের বড় পরীক্ষা উত্তরপ্রদেশ নির্বাচন। যোগী রাজ্যে প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্রও বটে। বিজেপি নেতৃত্ব হাড়ে হাড়ে জানে উত্তরপ্রদেশ দখলে রাখতে পারলে দেশ দখলে রাখার পথ অনেকটাই মসৃণ হবে। তবে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে পঞ্চায়েত ভোটের ফল। তবে এই ভোটের ফল যাই হোক বিধানসভায় ক্ষমতা দখল রাখবে বিজেপিই, একপ্রকার নিশ্চিত হয়ে দাবি করছেন গেরুয়া শিবিরের সদ্যনিযুক্ত রাজ্য সহ-সভাপতি তথা প্রাক্তন আমলা একে শর্মা। মোদী ম্যাজিকেই ফের উত্তরপ্রদেশে জয় আসবে বলে আশাবাদী তিনি। কারন তিনি মনে করেন উত্তরপ্রদেশে মোদীর গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আগের মতই অমলিন। তাই উত্তরপ্রদেশ জিততে বিশেষ বেগ পেতে হবে না বলেই তিনি মনে করছেন। সদ্যই সে রাজ্যে সহ সভাপতি পদে বসানো হয়েছে শর্মাকে।

করোনা মোকাবিলা থেকে নারী সুরক্ষা একের পর এক বিষয়ে ব্যর্থ যোগী এখন দলের নেতা কর্মী ও বিরোধীদের প্রশ্নের মুখে। এমনকি দিল্লীর নেতাদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল নয়। বিশেষ যোগাযোগও নেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। যোগী বিরোধিতায় আরও ইন্ধন জুগিয়েছে সদ্য পঞ্চায়েতে শোচনীয় হার। তাই সূত্র মারফত জানা যাচ্ছে যোগীর গতিবিধি নজর রাখতেই এই নিয়োগ। আর পদে বসেই স্বতন্ত্রদেব সিংকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা বলেছেন,”আমার মতে আজও মোদিজি উত্তরপ্রদেশে ২০১৩-১৪ সালের মতোই জনপ্রিয়। তাই নির্বাচন জিততে তাঁর ভাবমূর্তি আর পৃষ্ঠপোষকতাই যথেষ্ট। এর সঙ্গে দলের বড়দের আশীর্বাদ তো আছেই।”

যোগী নয় ‘মোদী ম্যাজিকে’ই ফের উত্তরপ্রদেশ জয় করবে বিজেপি, নিশ্চিত একে শর্মা। শর্মা মনে করিয়েছেন, ২০০১ থেকে ২০২১ পর্যন্ত ‘বিকাশ পুরুষ’ নরেন্দ্র মোদির ঐতিহাসিক উত্থানের সঙ্গী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী যে তাঁকে এই সুযোগ দিয়েছেন, এটা তাঁর ‘কৃপা’। তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৫ বছর বাদেও কেন মোদী ম্যাজিকের উপরেই ভরসা করতে হচ্ছে বিজেপিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর