নজরবন্দি ব্যুরোঃ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে’কে কেন্দ্রীয় নিরপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, নিরাপত্তার প্রথম স্তরে থাকবে সিআরপিএফ। দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশ। প্রসঙ্গত, আসন্ন নির্বাচনের জন্য ইতিমধ্যে রাজ্যে এসে উপস্থিত হয়েছেন দুই বিশেষ পর্যবেক্ষক।
চলতি মাসেই প্রথম দফার নির্বাচন। রাজ্যে সুষ্ঠ ভাবে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী কালথেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন বিশেষ পর্যবেক্ষকরা। কিন্তু এই মুহুর্তেই তারা রাজ্য পুলিশের নিরাপত্তা ছাড়ছেন না। জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশও থাকবে তাদের নুরাপত্তায়।
ইতিমধ্যে সিআরপিএফ-এর ডিজি অজয় নায়েক ও বিবেক দুবের সাথে বৈঠক করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন বিবেক দুবে। সেই সময়ে তাকে শুধু রাজ্য পুলিশের নিরাপত্তাই দেওয়া হয়েছিল।
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গায় থেকেই অজয় নায়েক ও বিবেক দুবে নিয়ে উঠছে একাধিক অভিযোগ। সেই দিক থেকেই মূলত সার্বিক ভাবে এই দুই পর্যবেক্ষককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।



