নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েতে মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি! একাধিক জায়গা থেকে উঠে আসছে অশান্তির ঘটনা। বচসা, হাতাহাতি, কখনও কখনও বাধার মুখেও পরতে হচ্ছে প্রার্থীদের। এহেন পরিস্থিতিতে মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
আরও পড়ুন: Panchayat Election: মনোনয়ন নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের! কি বললেন বিচারপতি
জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি লেখেন। সেই চিঠিতে অধীর লেখেন, “বাধার মুখে পড়ে অনেকেই মনোনয়ন জমা দিতে পারেনি। গণতন্ত্রের স্বার্থে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ জুনের বদলে ১৬ জুন করার আবেদন জানাচ্ছি। পাশাপাশি সময়সীমা বেলা ৩টে থেকে বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত করার হোক। আমরা বাংলায় গণতান্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আর আমাদের বিশ্বাস, এতে আপনি সদর্থক ভূমিকাই নেবেন।”

এদিকে, বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা পড়ার কথা। তবে এখনও জানা যাচ্ছে শাসকদলেরই বহু আসনে মনোনয়ন জমা দেওয়া বাকি রয়েছে। কিন্তু প্রথম থেকেই বাংলায় মনোনয়ন নিয়ে রাজ্যজুড়ে অশান্তি, বোমাবাজি, বারংবার বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে! সেইখান থেকে মাত্র এক দিনে এত মনোনয়ন জমা দেওয়া কি আদৌ সম্ভব? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা!

প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলা গুলি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির নানা অংশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলায়। এদিকে, শুরু থেকে মনোনয়ন ইস্যুতে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা! অভিযোগ, কমিশনের দেওয়া সময় যথেষ্ট নয়। এই প্রসঙ্গে আদালতে বিচারপতির প্রশ্নের মুখে পরে কমিশন! পাশাপাশি পঞ্চায়েতে ভোটের নিরাপত্তায় রাজ্যের ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনা বা সংশোধন চেয়ে বৃহস্পতিবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
মনোনয়নের সময় বাড়ানো হোক, চিঠি অধীরের



