নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে হামলার মুখে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। এই কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসার ডেপুটেশন চেয়েছে কেন্দ্র। আর এই ঘটনায় তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাশে পেয়েছেন মমতা। এবার এই ইস্যুতে রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আরও পড়ুন: আইপিএস বদলি ইস্যুতে কেজরিওয়ালকে পাশে পেলেন মমতা


অধীরের আশঙ্কা, কেন্দ্রের এহেন আচরণে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পড়তে পারে। রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রীতিমতো হুঙ্কার দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতির। তাঁর তোপ, ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখান। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকেও তোপ দেগেছেন অধীর চৌধুরী।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠি, দক্ষিণবঙ্গের এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে কেন্দ্র অন্য বিভাগে স্থানান্তরিত করার জন্য চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকারের কাছে। রাজ্যে তাঁরা যে পদে রয়েছেন, তা থেকে অব্যাহতি নিয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। এই মুহূর্তে ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠিকে সরানো হচ্ছে এসএসবিতে। আইটিবিপিতে নতুন পদ পাচ্ছেন দক্ষিণবঙ্গের এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে নিয়ে যাওয়া হবে পুলিশ রিসার্চ ব্যুরো বা বিপিআরডি-তে। কিন্তু কেন্দ্রের এই চিঠির জবাবে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে তিন আইপিএসকে ছাড়া যাবে না। এ নিয়ে কেন্দ্রের তরফে প্রোটোকল ভাঙার অভিযোগও তোলা হয়েছিল রাজ্যের বিরুদ্ধে।
৩ আইপিএস অফিসারকে ডেপুটেশন! বৃহস্পতিবার আবারও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। তাতে জানানো হয়েছে, অবিলম্বে তিন আইপিএস অফিসারকে ছাড়তে হবে, তাঁরা যেন দ্রুত দিল্লিতে গিয়ে হাজিরা দেন। এই তিনজনের নতুন পোস্টিংয়ের কথাও জানানো হয়েছে সেই চিঠিতে। ৫ বছরের জন্য তাঁদের ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।









