আইপিএস বদলি ইস্যুতে কেজরিওয়ালকে পাশে পেলেন মমতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএস বদলি ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । শুক্রবার সকালে কেজরিওয়াল একটি টুইট করে মমতাকে সমর্থনের বার্তা দেন। টুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ তৈরি করে তিন আইপিএস অফিসারের ট্রান্সফার নিয়ে কেন্দ্রের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলায় ভোটের আগে কেন্দ্রের এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত।’

আরও পড়ুন: দলত্যাগী শুভেন্দুকে এবার বিশ্বাসঘাতক তকমা দিলেন নন্দিগ্রামের ‘শহিদ’ পরিবার।

উল্লেখ্য, দুদিনের বাংলা সফরে আসা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে ‘বিতর্কিত ‘ হামলার ঘটনা ঘিরে কেন্দ্র-রাজ্যের মধ্যে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেনি রাজ্য পুলিশ, কেন্দ্রের তরফে এই অভিযোগ তুলে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। তারপর গতকাল রাজ্যের দায়িত্বপ্রাপ্ত তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডেকে দিল্লি থেকে ট্রান্সফার করে দেওয়া হয় । কিন্তু তিন অফিসারকে ছাড়তে নারাজ নবান্ন।

বৃহস্পতিবার ফের তাঁদের ডেপুটেশনে চেয়ে রাজ্যকে চিঠি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের নচুন পোস্টের কথাও জানানো হয়। এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী কড়া ভাষায় টুইট করে জানান, কেন্দ্রের এই পদক্ষেপ আইপিএস ক্যাডার রুল-১৯৫৪’র পরিপন্থী। এরপরও ফের রাজ্য প্রশাসনের তরফে জানানো হয় যে তিন আইপিএস অফিসারকে এখনই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না। ফলে শুক্রবার তাঁদের দিল্লিতে রিপোর্টিংয়ের জন্য তলব করা হলেও রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডে দিল্লি যাচ্ছেন না। এই পরিস্থিতিতে কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতা করে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বাংলার প্রতি এ ধরনের আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে তিনি মনে করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর