নজরবন্দি ব্যুরোঃ বিরোধীদের দেশব্যাপী প্রতিবাদের মধ্যেই অগ্নিপথের জন্য হাজারে হাজারে আবেদন জমা পড়ল! ভারতীয় বিমান বাহিনী (IAF) জানিয়েছে, সোমবার পর্যন্ত সশস্ত্র বাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর থেকে ৫৬,৯৬০ টি আবেদন জমা পড়েছে।
আরও পড়ুনঃ পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়, ইমেইল করে জানালেন
গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে কেন্দ্র। তাতে বলা হয়, সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিদের চার বছরের জন্য সেনায় নিয়োগ করা হবে। চার বছর পর তাদের ২৫ শতাংশকে পাকাপাকি ভাবে সেনায় চাকরিতে বহাল করা হবে।

এই ঘোষণায় বিক্ষোভ শুরু হতেই বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ করে দেয় কেন্দ্র। কিন্তু তাতেও লাভ হয়নি। অগ্নিপথ প্রকল্প নিয়ে টানা তিন-চারদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন এলাকা। ৫ জুলাই অগ্নিপথের রেজিস্ট্রেশন শেষ হবে।

দেশব্যাপী প্রতিবাদের মধ্যেই অগ্নিপথের জন্য আবেদন করলেন প্রায় ৫৭ হাজার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীতে যুবকদের অংশগ্রহণ করানোর জন্য ১৪ জুন অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিলেন। এই যুবকদের ‘অগ্নিবীর’ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে, যুবকদের চার বছরের মেয়াদে নিয়োগ করা হবে, যার পরে ৭৫ শতাংশকে স্বেচ্ছা অবসর দেওয়া হবে।



