অভিষেকের বাড়িতে ভাঙার নোটিস ঘিরে বিতর্ক, ফিরহাদের সাফ জবাব— ‘আমরা পলিসি মেকার’

কলকাতা পুরনিগমের নোটিসের পর রাজনৈতিক চাপানউতোর বাড়ল। মেয়র ফিরহাদ হাকিম জানালেন, বিল্ডিং সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত মেয়রের স্তরে নেওয়া হয় না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা পুরনিগমের নোটিস ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত সম্পত্তিতে অবৈধ নির্মাণের অভিযোগে নোটিস জারির পর বিষয়টি নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে মেয়রের সরাসরি কোনও ভূমিকা থাকে না।

কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের তরফে ১৮৮এ হরিশ মুখার্জি রোড এবং ১২১ কালীঘাট রোডের সম্পত্তিতে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট সম্পত্তিতে অনুমোদনবিহীন নির্মাণ রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পুর কর্তৃপক্ষ পদক্ষেপ করতে পারে।

এই নোটিস সামনে আসার পর মঙ্গলবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হচ্ছে। তাঁর দাবি, এই ধরনের নোটিসে তাঁর রাজনৈতিক অবস্থান বদলাবে না।

এর পরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কেএমসি অ্যাক্ট অনুযায়ী আমরা পলিসি মেকার। কোন ক্ষেত্রে কী প্রশাসনিক সিদ্ধান্ত হবে, তা মেয়র ঠিক করেন না।”

ফিরহাদ আরও স্পষ্ট করেন, বিল্ডিং সংক্রান্ত সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ ও কমিশনারের অধিকারভুক্ত। ফলে কোনও নির্দিষ্ট বাড়ি নিয়ে পদক্ষেপের বিষয়ে তাঁর ব্যক্তিগত ভূমিকা নেই বলেই জানান তিনি।

প্রসঙ্গত, অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা সম্পত্তিগুলির মধ্যে কালীঘাটের একটি ঠিকানা নিয়ে আগেও আলোচনা হয়েছিল। সেই সম্পত্তির মালিকানা ও ব্যবহারের বিষয়েও বিভিন্ন বক্তব্য সামনে এসেছে। অভিষেক আগেই জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সম্পত্তি তাঁর ব্যক্তিগত মালিকানাধীন নয় এবং সংশ্লিষ্ট সংস্থার নামেই নোটিস পাঠানো হয়েছে।

এই মুহূর্তে নজর এখন পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকে। নির্ধারিত সময়সীমার মধ্যে কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিষয়টি আইনি পর্যায়ে যায় কি না, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন