ডিজে মামলায় বড় ধাক্কা অভিষেকের, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিআইডিকে অনুমতি আদালতের

ডিজে মন্তব্যের তদন্তে নতুন মোড়। সিআইডির আবেদনে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিল বিধাননগর আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘ডিজে’ মন্তব্যের মামলা নতুন মোড় নিল। সিআইডির আবেদনে সাড়া দিয়ে বিধাননগর আদালত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে। আগামী ৩০ জুন এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায় সিআইডি। তদন্তকারীদের দাবি, মামলার অগ্রগতির স্বার্থে এই নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত সেই আবেদন মঞ্জুর করায় তদন্তে নতুন গতি এল বলে মনে করছে তদন্তকারী মহল।

ঘটনার সূত্রপাত চলতি বছরের মে মাসে। বিধানসভা নির্বাচনের আগে বাগুইআটির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।”

এই মন্তব্যকে কেন্দ্র করে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির হাতে তুলে দেওয়া হয়।

তদন্তের অংশ হিসেবে ভবানী ভবনে ডেকে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে একাধিক তথ্য-প্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়েছে।

তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতেও গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িতে গিয়ে তাঁরা অদিতি গায়েনের সঙ্গে কথা বলেন। জানা যায়, অভিষেকের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

তদন্তকারীদের মতে, বিতর্কিত বক্তব্যের অডিও এবং অন্যান্য ডিজিটাল প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখার জন্য কণ্ঠস্বরের নমুনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কারণেই আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছিল।

আদালতের সম্মতির পর আগামী ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই মামলার দিকে এখন নজর রাজ্যের রাজনৈতিক মহল এবং তদন্তকারী সংস্থার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন