ক্যামাক স্ট্রিট-কাণ্ডে ফের অভিষেককে তলব পুলিশের, রবিবার কালীঘাটের বাড়িতে নোটিস, সোমবার থানায় হাজিরা

ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে গোলমালের তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। রবিবার কালীঘাটের বাড়িতে নোটিস দেওয়ার পর সোমবার শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে গোলমালের তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই সূত্রে রবিবার সকালে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে নোটিস দিলেন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার থানায় হাজির হতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

এর আগে বুধবার সন্ধ্যায়ও অভিষেকের বাড়িতে নোটিস দিতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু সে দিন নোটিস গ্রহণ করা যায়নি। বাড়ির তরফে পুলিশকে জানানো হয়েছিল, নোটিসে যাঁর নাম রয়েছে, তিনি শহরে নেই। ফলে নোটিস না দিয়েই ফিরে যেতে হয় আধিকারিকদের।

সেই সময় দিল্লিতে ছিলেন অভিষেক। নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে গিয়েছিলেন তিনি। শনিবার কলকাতায় ফেরেন তৃণমূলের এই সাংসদ। তার পরেই রবিবার ফের তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। কিছু ক্ষণ গেটের বাইরে অপেক্ষা করার পর নোটিস গ্রহণ করা হয়।

গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থাকা ভবনের ছাদ থেকে তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক-সহ একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিলবোর্ডটি বেআইনি ভাবে বসানো হয়েছিল এবং তা এলাকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক—এই অভিযোগে সেটি সরাতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। সেই সময় তাঁদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা ও ধস্তাধস্তির অভিযোগ ওঠে।

অভিযোগ, পরিস্থিতির মধ্যে পুলিশ জোর করে ভবনের ছাদে উঠে বিলবোর্ডটি খুলে দেয়। পরে একই নাম ও প্রতীক-সহ একটি ব্যানার সেখানে টাঙানো হয়। ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়। বর্তমানে সেই মামলাগুলির তদন্ত করছে পুলিশ।

তিনটি এফআইআরের মধ্যে একটি মামলায় এর আগেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই মামলাতেই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। সোমবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর