নজরবন্দি ব্যুরোঃ টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, সেই পর্ব মেটার পর দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২০২৪-এ বিজেপিকে হারানোর ডাক দিলেন তিনি। ইডি, সিবিআই লাগিয়ে নয়, রাজনৈতিক পথেই লড়ার বার্তা দিলেন অভিষেক। জানালেন, “সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যা করার করে নিন। আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।”
আরো পড়ুনঃ মমতার পাড়ার ভোট, ঘুঁটি সাজাতে বৈঠক বঙ্গ বিজেপির
এদিন ইডি দফতরে টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দোপাধ্যায় কে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘আমি সব কথা বলেছি। লিখিত জবানবন্দী দিয়েছি। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই। যাঁদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে এই এজেন্সিগুলি কিছু করেনি। কারণ তাঁরা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।”
এরপরেই অভিষেকের অভিযোগ, “যারাই বিজেপি-র বিরুদ্ধে লড়াই করেছে, তাঁদের চাপে রাখতে হবে, তাই এ সব করা হচ্ছে। আমি তদন্তকারী অফিসারদের অবস্থা বুঝি, ওঁদের কিছু করার নেই। ওদেরও চাপে থাকতে হয়। আমাদের ইচ্ছা করে আক্রমণ করা হচ্ছে।”
সকাল ১১টায় ইডির দপ্তরে ঢুকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৯ ঘণ্টা পর রাত ৮টা নাগাদ ইডি দপ্তর থেকে বের হন তিনি। এদিন অভিষেক বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা লাগানোর আছে লাগিয়ে দিন। কিন্তু বিজেপিকে আমরা হারাবই। তাঁর কথায় ‘‘আমার বিরুদ্ধে প্রমাণ প্রকাশ্যে আনার কথা আমি আগেও বলেছি। পারলে প্রকাশ্যে বলা হোক আমার বিরুদ্ধে কী প্রমাণ আছে।’’ তাঁর কথায়, ‘আমাদের পেটের মধ্যে আগুন আছে। আমরা ২০২৪-এ বিজেপিকে হারাবই। কথা দিয়ে গেলাম।’




