নজরবন্দি ব্যুরো: একশো দিনের কাজের টাকা আদায় করতে ও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে বিশাল কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস। সেই আন্দোলনের রেশ নেমেছে বাংলাতেও। বৃহস্পতিবার রাজভবন অভিযান করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এই কর্মসূচি দ্বিতীয় দিনে পড়ল। এদিন কার্যত গর্জে উঠলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
আরও পড়ুন: রাজ্যপাল না ফেরা পর্যন্ত রাজভবনে ধরনা চলবে, দৃঢ় প্রতিজ্ঞ অভিষেক


গতকাল (৬ অক্টোবর) রাজভবন অভিযান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা রাত ছিলেন ধর্নামঞ্চেই। শুক্রবার সকাল ১১ টা থেকে আবার ধর্না মঞ্চে বসে পড়েছেন তাঁরা। অভিষেকের সঙ্গেই অবস্থানে অংশ নিয়েছেন সাংসদ শান্তনু সেন, ডেরেক ও’ব্রায়েন, কুণাল ঘোষ থেকে শুরু করে শাসক দলের প্রথম সারির নেতারা। এদিন অবস্থান মঞ্চের দ্বিতীয় দিনে ‘জমিদারি’ ইস্যুতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফেসবুকে গানের একটি অংশ পোস্ট করে তিনি লিখেছেন, “সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।” তিনি আরও লেখেন, “জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই আগের থেকে আরও বেশি তীব্র। আজ আমাদের অবস্থানের দ্বিতীয় দিন। রাজ্যপাল আমাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করা পর্যন্ত আমরা ধরনা চালিয়ে যাব।”

দিল্লি থেকেই ‘রাজভবন চলো’ অভিযান ঘোষণা করেছিলেন বাংলার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমত গতকাল রাজভবনের বাইররে পৌঁছে যায় তৃণমূল। এদিকে সিকিমের বিপর্যয়ের ফলে উত্তরবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই উত্তরবঙ্গে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিষেক জানিয়েছেন, রাজ্যপাল না আসা পর্যন্ত রাজভবনের সামনে ধরনা চলবে।



তৃণমূলের কর্মসূচি নিয়ে পাল্টা রাজ্যপাল জানান, দেখা করতে হলে উত্তরবঙ্গে এসে দেখা করতে হবে। পাল্টা তৃণমূলের তরফে বোসকে ‘জমিদার’ বলে কটাক্ষ করা হয়। রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানান, রাজ্যপাল যতক্ষণ না পর্যন্ত তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করবে ততক্ষণ পর্যন্ত রাজভবনের উত্তর গেটে ধরনা জারি থাকবে।
‘মিশন দিল্লি’র পর রাজভবন অভিযান, ধর্নার দ্বিতীয় দিনে গর্জে উঠলেন Abhishek Banerjee








