লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের গঙ্গারামপুরের সভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়েও কথা বলেন। কী বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড?



আরও পড়ুন: উত্তরবঙ্গে জমি পুনরুদ্ধারে সচেষ্ট তৃণমূল, বালুরঘাটে মেগা সভা অভিষেকের
সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট ও রায়গঞ্জের দুই তৃণমূল প্রার্থী- বিল্পব মিত্র ও কৃষ্ণ কল্যাণী। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এদের রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা।’ ভোটে জিতলেও বিজেপি (BJP) এলাকার জন্য কোনও কাজ করেননি বলে অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে কথা বলতে গিতে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) পুরনো একটি ভিডিওর ক্লিপিংস সামনে আনেন তৃণমূলের সাংসদ। বলেন, ‘সুকান্ত মজুমদার বারবার বলেছেন, একটা ফোন করলেই টাকা এসে যাবে।’ কিন্তু এখনও কেন রাজ্য প্রাপ্য দিয়ে দিল না সেই প্রশ্নও তোলেন।



অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘২০১৯ সালে মানুষ একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু তাঁদের আশা ভঙ্গ হয়েছে।’ তৃণমূলের সেনাপতির আবেদন, ‘এটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট নয়, ভোট প্রতিশোধের ভোট। নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন।’ তাঁর কথায়, ‘যাকে ইচ্ছে ভোট দিন, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন। এলাকার উন্নয়নকে সামনে রেখেই ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করেন।’
‘রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার’, বালুরঘাটে সভা থেকে বিজেপিকে একহাত নিলেন অভিষেক

উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান বিপ্লব মিত্র। ২০২০ সালে ফের ফুলবদল করে তৃণমূলে ফিরে আসেন। এই মুহূর্তে তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক। তাঁকেই বালুরঘাটে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ২০২১- বিজেপিতে যোগদান করেছিলেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। ওই বছরই অক্টোবর মাসে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁকে এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে শাসক শিবির।







