নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘এক ডাকে অভিষেক’-এর জেরে প্রাণ বাঁচল একরত্তি শিশুর। খেলতে খেলতে লকেট গিলে ফেলেছিল শিশুটি। পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে কী করবে বুঝে উঠতে পারছিল না, এরপর ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করলে তৃণমূল সাংসদের অফিসের কর্মীরাই যাবতীয় ব্যবস্থা করে দেন। ঘটনাটি ঘটে হাওড়ায়।
আরও পড়ুন: CBI চিঠি নিয়ে ‘ষড়যন্ত্র’ দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর
জানা গিয়েছে, ওই শিশুটি হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা। খেলার সময় আচমকাই একটি লকেট গিলে ফেলে সে। তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে এসএসকেএমে রেফার করা হয়। স্থানীয় এক যুব নেতার সাহায্যে অভিষেকের অফিসে ফোন করেন। এরপর অভিষেকের অফিসের কর্মীরাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারাই এসএসকেএমে নিয়ে যাওয়া থেকে শুরু করে আইসিইউ বেড, আর্থিক সাহায্য সহ যাবতীয় ব্যবস্থা করেন। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে শিশুটি।

শিশুটির মা জানিয়েছেন, হাওড়া জেলার যুব নেতা দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করেন। তারাই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁর সন্তানকে আবার তাঁর কাছে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দেবেন। সেখান থেকে ফিরে শনিবার ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে যোগ দেবেন। উল্লেখ্য, আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার প্রচারের শেষদিন।
মৃত্যুর মুখ থেকে মায়ের কোলে ফিরল একরত্তি, সৌজন্যে অভিষেক




