‘আমার লক্ষ্য ২৯৪/২৯৪’, নন্দীগ্রামে দাঁড়িয়ে কলকাতা–দিল্লিতে গণতান্ত্রিক প্রতিবাদের ডাক তৃণমূল সেনাপতির

SIR ইস্যুতে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি অভিষেকের। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা না দিলে কলকাতা ও দিল্লিতে গণতান্ত্রিক প্রতিবাদের ডাক, নন্দীগ্রামে শুভেন্দুকে তোপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিলেন—যদি নির্বাচন কমিশন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র (যৌক্তিক অসঙ্গতি) পূর্ণ তালিকা প্রকাশ না করে, তবে কলকাতা ও দিল্লিতে গণতান্ত্রিক প্রতিবাদ হবে।

অভিষেকের প্রশ্ন, “কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে? একাধিকবার প্রশ্ন করেছি, কোনও সদুত্তর পাইনি। প্রতিবাদ শুরু হলে জ্ঞানেশ কুমার বাংলার শক্তি বুঝতে পারবেন।” তাঁর অভিযোগ, অপরিকল্পিত SIR-এর জেরে ৮২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার দায় কমিশনের শীর্ষ আধিকারিকদেরই নিতে হবে।

নন্দীগ্রামে স্বাস্থ্য শিবিরের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “জনসাধারণ সমর্থন করলে প্রতি বছর নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির হবে।” একই সঙ্গে তিনি সকলকে শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের উপর অযথা চাপ তৈরি করা হচ্ছে। “মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। যত নোটিশ পাঠাবে, তত বিজেপি হারবে”—কটাক্ষ তাঁর।

নির্বাচনী ব্যবস্থাপনায় বৈষম্যের অভিযোগ তুলে অভিষেক প্রশ্ন তোলেন, “উত্তরপ্রদেশে কেন মাইক্রো অবজারভার নেই? চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে। মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে নয়।” পাশাপাশি তিনি আশ্বাস দেন—তাঁর লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কোনও উন্নয়নমূলক প্রকল্প এলে “রেড কার্পেট পেতে” স্বাগত জানানো হবে।

নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “২০২১ থেকে ২০২৬—এই পাঁচ বছরে নন্দীগ্রামের জন্য কী এনেছে? পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ায়নি, ভীম চন্দ্র বারিকের মৃতদেহ ফিরিয়ে আনার সাহস দেখায়নি।” বিজেপিকে নিশানা করে তাঁর প্রশ্ন, “কারও বাড়িতে কি বিজেপির কেউ গিয়েছে?”

শেষে নিজের রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করে অভিষেক বলেন, “আমার লক্ষ্য ২৯৪/২৯৪। কতটা জিতব-হারব, সেটা মানুষই ঠিক করবে।” নন্দীগ্রাম থেকে এই বার্তা দিয়ে ভোটের আগে রাজ্য রাজনীতিতে প্রতিবাদের রূপরেখা স্পষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত