বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার সোশ্যাল মিডিয়াতেও বদলের ইঙ্গিত। তৃণমূল সরকারের পতনের পর কলকাতা পুলিশের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেখা গেল বড় পরিবর্তন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করেছে কলকাতা পুলিশ। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএমও ইন্ডিয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হোম মিনিস্টার ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাকাউন্ট ফলো করা শুরু হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় বিরোধীরা বারবার অভিযোগ তুলেছিল, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কার্যত শাসকদলের প্রভাবেই কাজ করছে। আইনশৃঙ্খলা ইস্যুতে ‘মমতার পুলিশ’ শব্দবন্ধও রাজনৈতিক মহলে বহুবার উঠে এসেছে। সেই আবহেই সরকার বদলের পর কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


বিশেষ নজর কেড়েছে এই বিষয়টি যে, কলকাতা পুলিশ এখন নরেন্দ্র মোদী, অমিত শাহদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ফলো করছে। একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামও প্রশাসনিক আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রশাসনিক কাঠামোয় নতুন ক্ষমতার কেন্দ্রকে গুরুত্ব দেওয়ার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে এই পদক্ষেপকে।
তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডেলে একই ধরনের পরিবর্তন দেখা যায়নি। রাজ্য পুলিশ এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করছে। ফলে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া আচরণের এই পার্থক্য নিয়েও শুরু হয়েছে জল্পনা।
এ দিনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন গেরুয়া মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক স্তরে আরও কী কী পরিবর্তন দেখা যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।









