নজরবন্দি ব্যুরো: নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরইমাঝে গত সপ্তাহে তাঁর কনভয়ে হামলা হয়। এই ঘটনায় আগেই একাধিকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আরও এক কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির পর কনভয়কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।
আরও পড়ুন: আগে তৃণমূল বলত খেলা হবে, এখন সিবিআই দেখাচ্ছে খেলা কাকে বলে, খোঁচা সুকান্তর


গত শুক্রবার সন্ধ্যায় শালবনি এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আসার আগে থেকেই এলাকায় বিক্ষোভ শুরু করে কুড়মি সমাজের মানুষেরা। ৫ নম্বর জাতীয় সড়কের উপর অবরোধ চলে। এরইমধ্যে অভিষেকের কনভয় দেখা যেতেই আন্দোলনকারীদের ক্ষোভ আরও বেড়ে যায়। অভিযোগ, অভিষেকের কনভয়তে হামলা করা হয়। এমনকি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পাল্টা কনভয়ে থাকা তৃণমূল কর্মীদের বিরুদ্ধেও লাথি মারার অভিযোগ ওঠে।

এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ৪৮ ঘণ্টার ডেডলাইন পেরনোর আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়। এরপর একে একে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ৩০৭ ধারায় খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট সহ আরও একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে বলে খবর।



উল্লেখ্য, কনভয়কাণ্ডের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মিদের মুখ খুলতে হবে না হলে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রশাসন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন অভিষেকের কনভয় হামলার ঘটনায় কুড়মিরা দায়ী নয়। এই ঘটনা বিজেপির চক্রান্ত।
Abhishek Banerjee-র কনভয়কাণ্ডে গ্রেফতার আরও ১ কুড়মি আন্দোলনকারী, বুধবার গ্রেফতার








