আগামী ২৬ তারিখ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে বালুরঘাটের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে রোড-শো করলেন তৃণমূল সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে দেখতে ইটাহারে বিপুল জনসমাগম হয়।
আরও পড়ুন: এবার যোগ্য চাকরি প্রার্থীদের কী হবে? জানার অপেক্ষায় বঞ্চিতরা
ইটাহারে রোড-শো করে সামাজিক মাধ্যমে অভিষেক লেখেন, “পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে, মাথার ওপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।’ বৈশাখের তপ্ত রৌদ্রকে উপেক্ষা করে আজকের রোড শো’তে ইটাহারবাসী প্রমাণ করলেন, কোনো বাংলা-বিরোধীর স্থান নেই বালুরঘাটে।”

সঙ্গে তিনি আরও লেখেন, “যে প্রতিনিধি গরিব মানুষের ইচ্ছাকৃতভাবে আটকে রাখা টাকার বিরুদ্ধে প্রশ্ন করেন না, যে প্রতিনিধি স্বামী বিবেকানন্দকে অসম্মান করেন, সেই প্রতিনিধি আর যাইহোক তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হতে পারেন না। আগামী ২৬ এপ্রিল শ্রী বিপ্লব মিত্রকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে এত ব্যবধানে জেতান যাতে, স্বৈরাচারীরা যেন আর মুখ না দেখাতে পারে লজ্জায়। নিজের অধিকারকে সমুন্নত রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন – আমি কথা দিচ্ছি আপনাদের ভালো রাখার দায়িত্ব আমাদের।”

ইটাহারে অভিষেকের রোড-শো, তৃণমূল সেনাপতিকে দেখতে জনজোয়ার
বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। তিনি আবার বিজেপির রাজ্য সভাপতিও বটে। ফলে, এই আসনে তৃণমূলের লড়াই বেশ কঠিন। গত লোকসভাতেও এই বালুরঘাটে হেরেছিল রাজ্যের শাসক দল। এবার তৃণমূলের বাজি রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। বালুরঘাটে সম্প্রতি সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।




