আহত অবস্থায় কলকাতার মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে আইটিইউ-তে পর্যবেক্ষণে রাখার কথা জানানো হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে।
শনিবার রাতে হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলভিউ হাসপাতালের আইটিইউ-তে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা চলছে। তবে একইসঙ্গে তিনি অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।


পরে হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার পর অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন এবং কোনও গুরুতর শারীরিক জটিলতা ধরা পড়েনি। সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
এর আগে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে অভিষেককে নিয়ে যাওয়া হয়েছিল। সেই হাসপাতাল নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা মিলছিল না।
সেই প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ বলেন, আগের হাসপাতাল থেকে তাঁদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। তাঁর দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ নানা ধরনের চাপে ছিলেন। একজন আহত ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রেও অনুমতির প্রয়োজন হচ্ছে বলে যে কথা শোনা গিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।


বেলভিউ হাসপাতাল প্রসঙ্গেও কুণালের অভিযোগ, প্রশাসনের শীর্ষ স্তর থেকে চাপ তৈরি করা হচ্ছিল যাতে অভিষেককে ভর্তি না রাখা হয় এবং দ্রুত ছেড়ে দেওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছেন বলেই দাবি তৃণমূল নেতার।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা ঘিরে এই টানাপোড়েন রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তবুও চিকিৎসা পর্বকে কেন্দ্র করে ওঠা অভিযোগ-প্রত্যঅভিযোগ আগামী দিনে আরও রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



