২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন জল্পনা ছড়াল রাজ্য রাজনীতিতে। নির্যাতিতা ‘অভয়া’র পরিবার কি এবার নির্বাচনের ময়দানে নামতে চলেছে? বৃহস্পতিবার বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ Arjun Singh তাঁদের বাড়িতে যাওয়ার পরই সেই জল্পনা আরও জোরালো হয়। তবে সাক্ষাতের পরই অভয়ার বাবা-মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা তাঁদের নেই, তাঁদের একমাত্র লক্ষ্য ন্যায়বিচার।
পরিবারের দাবি, অর্জুন সিং সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ করতেই তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সামনে নির্বাচন থাকলেও তাঁদের ভোটে দাঁড়ানোর জন্য কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলেই জানিয়েছেন অভয়ার বাবা। তাঁর কথায়, “আমরা পরিষ্কার বলেছি, আমাদের লক্ষ্য একটাই—ন্যায়বিচার।”


অন্যদিকে অর্জুন সিং জানান, আগামী ১৪ তারিখে প্রধানমন্ত্রী Narendra Modi-র সফরের সময় তিনি অভয়ার পরিবারের ন্যায়বিচারের দাবির বিষয়টি তাঁর সামনে তোলার চেষ্টা করবেন। তিনি বলেন, পরিবারের সঙ্গে মামলার বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
পরিবারের বক্তব্য, শুরু থেকেই যদি বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের সঙ্গে যোগাযোগ রাখত, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু এতদিন সেই যোগাযোগ না থাকায় এখন কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।
অভয়ার মা-ও একই সুরে জানিয়েছেন, তিনি মানসিকভাবে রাজনীতিতে আসার জন্য প্রস্তুত নন। তাঁর কথায়, “আমার একমাত্র মেয়ে ছিল। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নের সঙ্গেই আমাদের সব শেষ হয়ে গেছে। এখন আমাদের জীবনে একটাই লক্ষ্য—ন্যায়বিচার।”


তিনি আরও বলেন, তাঁদের লড়াই কোনও রাজনৈতিক দল বা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে। তদন্তে বিলম্ব হলে অপরাধীরাই সুযোগ পায় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি পরিবার জানায়, তাঁরা একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-র সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন, কিন্তু এখনও সেই সুযোগ পাননি।
এদিকে অর্জুন সিংয়ের অভিযোগ, এই মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এবং বিচারপ্রক্রিয়া নানা চাপের মুখে পড়ছে।
মামলার অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে শুনানির ক্ষেত্রে জট তৈরি হচ্ছে এবং একাধিকবার এজলাস বদলের ঘটনা ঘটেছে। আদালতে বিষয়টি উল্লেখ করার পরও বিচারপতি শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন বলেও অভিযোগ তাঁর। এতে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন তিনি।








