গুরুদ্বারের সামনে প্রকাশ্য শুটআউট, গুলিতে নিহত আপ নেতা লাকি ওবেরয়—চাঞ্চল্য পাঞ্জাবের জলন্ধরে

জলন্ধরের মডেল টাউন এলাকায় গুরুদ্বারের সামনে বাইক থেকে পরপর গুলি চালিয়ে খুন আপ নেতা লাকি ওবেরয়কে, পাঁচ রাউন্ড গুলিতে ঝাঁজরা দেহ—তদন্তে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকালের প্রার্থনার সময়, জনবহুল গুরুদ্বারের সামনে আচমকা গুলির শব্দে থমকে গেল এলাকা। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়। শুক্রবার সকালেই পাঞ্জাবের জলন্ধরের মডেল টাউন এলাকায় ঘটে যাওয়া এই প্রকাশ্য শুটআউট ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দিনের আলোয় এমন হত্যাকাণ্ডে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা, আর দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন আপ নেতা তথা গত পুরসভা নির্বাচনে দলের প্রার্থী লাকি ওবেরয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গুরুদ্বারের সামনে নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রেখে ঘুরে দাঁড়াতেই একটি বাইক থেকে পরপর গুলি চালানো হয়।

আততায়ীরা লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শরীরের বিভিন্ন অংশে গুলি ঢুকে যাওয়ায় অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়েছিল। গুলির আঘাত এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার করে তা বের করাও প্রায় অসম্ভব হয়ে ওঠে।

ঘটনার পরই গুরুদ্বারের আশপাশের এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। আততায়ীদের পরিচয় ও খুনের নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে।

Topics: India News

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত