মেডিক্যালে ভর্তি মামলা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই এই মামলার শুনানি কলকাতা হাই কোর্টের হাত থেকে সরিয়ে সুপ্রিম কোর্ট নিজে দায়িত্ব নিয়েছে। এবার আবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করতে চলেছে উত্তর ২৪ পরগণার এসসি-এসটি সংগঠন। ফের একবার দুর্নীতি সংক্রান্ত মামলায় কি টার্গেট করা হচ্ছে অভিষেককে, প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
আরও পড়ুন: ২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের মধ্যে সংঘাত তুঙ্গে যাওয়ায় সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। মেডিক্যাল দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আর সোমবার কলকাতা হাই কোর্ট থেকে এই মামলা গেল সুপ্রিম কোর্টে।

এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। সেখানে কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির সংঘাতকে তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সভায় যাবার এবং পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনেছেন কপিল সিব্বল।

ফের টার্গেট অভিষেক! সুপ্রিম কোর্টে তৃণমূল নেতার বিরুদ্ধে নয়া মামলার প্রস্তুতি
আগামী তিন সপ্তাহ পর ফের একবার সুপ্রিম কোর্টে মেডিক্যাল মামলার শুনানি হবে। তারই আগে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলল একটি এসসি-এসটি সংগঠন। তাঁদের বক্তব্য, যেহেতু রাজ্যের একাধিক দুর্নীতির সঙ্গে তৃণমূলের সেকেণ্ড-ইন-কম্যান্ডের নাম জড়িয়েছে, তাই এই মামলাতেও অভিষেক কোনও না কোনভাবে যুক্ত থাকতে পারেন বলে আশঙ্কা সংগঠনের।




