নজরবন্দি ব্যুরোঃ কোটা হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা সপরিবার আজাহারের। এ যেন রাখে হরি মারে কে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারুদ্দিন ও তাঁর পরিবার। রাজস্থানের পথে যাওয়ার সময় তীব্র দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। তবে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, গাড়িটি দুমড়ে গেলেও কোনও রকম ক্ষতি হয়নি আজহারের। যদিও গাড়িতে থাকা তাঁর ব্যক্তিগত সচিব চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃকরোনার নতুন স্ট্রেনের জেরে থাইল্যান্ডে দুটি সুপার ইভেন্টে খেলা নিয়ে সংশয় সাইনা-সিন্ধুরা।
তবে তাঁর আঘাতও গুরুতর নয়। বুধবার সপরিবারে রাজস্থানের রণথম্বোরের উদ্দেশে যাচ্ছিলেন আজহার। কোটা মেগা হাইওয়েতে সুরওয়াল থানার কাছেই দুর্ঘটনাটি ঘটে। আচমকা গাড়িটি কোনও কিছুতে ধাক্কা মারে। এবং তারপর সেটি উলটেও যায়। স্বাভাবিক ভাবেই গাড়িটির প্রবল ক্ষতি হয়েছে। কিন্তু দেখা যায় একেবারে অক্ষত রয়েছেন আজহার ও পরিবারের বাকিরা। বলা হচ্ছে গাড়ির সুরক্ষাবলয়ই বাঁচিয়ে দিয়েছে তাদের।
দুর্ঘটনার পর অন্য একটি গাড়িতে তাঁকে ও পুরো পরিবারকে একটি হোটেলে পাঠানো হয় বিশ্রাম নিতে। প্রসঙ্গত, অবসর নেওয়ার পর প্রশাসকের ভূমিকায় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বর্তমানে তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। গত সপ্তাহেই আহমেদাবাদে বিসিসিআইয়ের বার্ষিক সভায় নিজের রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। সভাপতি একাদশ বনাম সচিব একাদশের ম্যাচেও খেলেন আজহার।
কোটা হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা সপরিবার আজাহারের। মোতেরা স্টেডিয়ামের ওই ম্যাচে জয় শাহর দলের হয়ে গুরুত্বপূর্ণ ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসের সুবাদেই সৌরভের অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও জয় শাহর দলই ম্যাচ জিতে নেয়। ক্রিকেটার হিসেবে ৯৯টি টেস্ট খেলার পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন আজহার। পরে গড়াপেটা বিতর্কে জড়িয়ে পড়ায় আচমকাই ছেদ পড়ে কেরিয়ারে।



