নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় ফিরেই মমতা দ্বিগুন করলেন ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা, নির্বাচন কালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেই সেই কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে বার্ষিক ৫ হাজার টাকার পরিবর্তে কৃষকরা পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে সিলমোহর পড়েছে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে।
আরও পড়ুনঃ রাজীবের বিজেপি যোগ আজও বিস্ময়ের! তবে দেরীতে বোধদয়ে খুশি ফিরহাদ
বৃহস্পতিবার নবান্নর মন্ত্রীসভার বৈঠকের পরেই ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর। রাজ্যে কৃষি প্রকল্পের দিকে বরাবর নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সুবিধার জন্য গত ২০১৮-র শেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের। বছরে যে কোনো একটি চাষের জন্য দু-ক্ষেপে একর প্রতি জমির জন্য কৃষককে দেওয়া হয় বার্ষিক ৫,০০০ টাকা। এই প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সি কৃষকের মৃত্যুতে রাজ্যের তরফে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে জোর টক্কর চলে কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের। এবার নির্বাচনের মমতাকে মাত দিতে গেরুয়া শিবিরের নেতামন্ত্রীরা বারবার ওই প্রকল্প এবং তার ভাতা বাড়ানোর বিষয়ে বলেছিলেন। প্রচারে বারবার বলেছিলেন রাজ্য সরকার না চাওয়ায় রাজ্যের কৃষকরা পাচ্ছেন না সুবিধা। বলা হয়েছিল একবারে বকেয়া সহ ১৮ হাজার টাকা পাবেন বাংলার কৃষকরা।
ক্ষমতায় ফিরে মমতা চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রীকে।লিখেছিলেন, ‘রাজ্যে বার বার এসে আপনি বলেছেন, প্রত্যেক কৃষককে ১৮ হাজার করে টাকা ভাতা দেওয়া হবে। কিন্তু এখনও রাজ্যের কোনও কৃষক সেই ভাতা পাননি। তাই আমি অনুরোধ করছি যত দ্রুত সম্ভব পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষকদের টাকা দেওয়া হোক ও ২১ লক্ষ ৭৯ হাজার কৃষকের তথ্য প্রকাশ করা হোক’। যদিও বিজেপি ক্ষমতায় আসেনি বাংলায়, বাংলার কৃষকরা বকেয়ার সমস্ত অর্থ পাননি কেন্দ্র থেকে। তার মধ্যেই প্রতিশ্রুতি মতো কৃষকবন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়াল রাজ্য সরকার।



