অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য বড় খবর। বুধবার থেকে সরকারি পোর্টালে অনলাইনে জানা যাচ্ছে আবেদনপত্রের বর্তমান অবস্থা। আবেদন Approved, Under Process নাকি Rejected—কোন পর্যায়ে রয়েছে, তা ঘরে বসেই দেখা যাবে। আবেদন বাতিল হলে নির্দিষ্ট তথ্য দিয়ে ফের আবেদন করার সুযোগও রাখা হয়েছে। একই সঙ্গে অযোগ্য কোনও ব্যক্তি অনুদান পেয়ে থাকলে, সেই অভিযোগও পোর্টালের মাধ্যমে জানানো যাবে।
অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত যাবতীয় পরিষেবা মিলছে সরকারি পোর্টালেই https://socialregistry.wb.gov.in/ অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টাল-এ ঢুকে Citizen/Family Login অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটি দিতে হবে।
মোবাইল নম্বর দেওয়ার পর সংশ্লিষ্ট নম্বরে ৬ সংখ্যার একটি OTP আসবে। সেই OTP নির্দিষ্ট জায়গায় বসালেই খুলে যাবে নতুন পেজ। সেখানে Beneficiary Status Details বিভাগে অন্নপূর্ণা যোজনার আবেদনের পাশে বর্তমান স্ট্যাটাস দেখা যাবে।
যদি সেখানে Approved লেখা থাকে, তার অর্থ আবেদনটি অনুমোদিত হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে গিয়ে থাকতে পারে, অথবা খুব দ্রুত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Under Process দেখালে চিন্তার কারণ নেই। এর অর্থ আবেদনটি সফল ভাবে জমা পড়েছে এবং সেটি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। প্রয়োজনে কোনও আধিকারিক বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করতে পারেন। আবেদন সংক্রান্ত তথ্য নিশ্চিত করতে ফোনও আসতে পারে। যাচাইয়ে সবকিছু ঠিক থাকলে পরবর্তী সময়ে অনুদানের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
অন্য দিকে, স্ট্যাটাসে Rejected দেখালে সেখানেই থেমে যেতে হবে না। নির্দিষ্ট তথ্য দিয়ে পোর্টালের মাধ্যমে ফের আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ, কোনও যোগ্য আবেদনকারীর ফর্ম বাতিল হয়ে থাকলে তিনি নতুন করে নিজের দাবির বিষয়টি প্রশাসনের কাছে জানাতে পারবেন।
এ ছাড়াও পোর্টালে রয়েছে Objection & Claim অপশন। সেখানে গিয়ে দু’ধরনের দাবি বা অভিযোগ জানানো যাবে। আবেদন বাতিল হওয়া কোনও ব্যক্তি নিজের ফর্ম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফের আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি, অযোগ্য কোনও ব্যক্তি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও নির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে অভিযোগ জানানো যাবে।
তবে অভিযোগ বা পুনরায় আবেদনের ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমা পড়া তথ্য প্রশাসনের তরফে যাচাই করা হবে। যাচাইয়ের পরে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ১৭ অগস্ট থেকে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ অগস্ট দুপুরের মধ্যে বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া প্রায় ১ কোটি ৬৬ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আরও প্রায় ১৪ লক্ষ আবেদন এখনও যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
এই বাকি আবেদনগুলির মধ্যে যাঁরা নির্ধারিত শর্ত পূরণ করবেন, তাঁদেরও অনুদানের আওতায় আনা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, যোগ্য উপভোক্তাদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা থাকবে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যোগ্য হয়েও কোনও মহিলা তালিকা থেকে বাদ পড়লে তাঁকে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে। সেই ঘোষণার পরই পোর্টালে স্ট্যাটাস দেখা, পুনরায় আবেদন এবং আপত্তি জানানোর ব্যবস্থা চালু হয়েছে। ফলে আবেদনকারীদের এখন প্রথম কাজ, নিজের মোবাইল নম্বর দিয়ে পোর্টালে ঢুকে আবেদনের বর্তমান অবস্থাটি যাচাই করে নেওয়া।



