West Bengal IPS Transfer News: পশ্চিমবঙ্গ পুলিশে বড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। এক নির্দেশে ৩৩ জন আইপিএস আধিকারিকের বদলির বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই রদবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির অতিরিক্ত মহানির্দেশক (এডিজি) পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ আইপিএস অফিসার নটরাজন রমেশবাবু।
মঙ্গলবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রতিম সরকারকে এডিজি (টেলিকমিউনিকেশন) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, এতদিন কারা বিভাগের ডিজি হিসেবে দায়িত্বে থাকা নটরাজন রমেশবাবুকে সিআইডির এডিজি তথা রাজ্যের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।
পুলিশ মহলের মতে, এই মুহূর্তে সিআইডির হাতে একাধিক গুরুত্বপূর্ণ তদন্ত রয়েছে। তার মধ্যে নির্বাচনী পর্বে দায়ের হওয়া কয়েকটি বহুচর্চিত মামলাও রয়েছে। ফলে গোয়েন্দা সংস্থার নেতৃত্বে এই পরিবর্তন প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিকে, সম্প্রতি বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্যের আবহে ওই পুলিশ জেলাতেও বড় রদবদল করা হয়েছে। অতীশ বিশ্বাস-কে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। তিনি এতদিন পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে ছিলেন। অন্যদিকে পিনাকী দত্ত-কে ডিআইবি, বারুইপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলির তালিকায় রয়েছেন আরও একাধিক গুরুত্বপূর্ণ আইপিএস আধিকারিক। কে. জয়রামন-কে উত্তরবঙ্গের এডিজি পদ থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স-এর ডিরেক্টর করা হয়েছে। বিশাল গর্গ-কে পশ্চিমাঞ্চলের এডিজি পদ থেকে বদলি করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি)-এ আনা হয়েছে।
এছাড়া প্রবীণ ত্রিপাঠি, যিনি এতদিন স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আইজি ছিলেন, তাঁকে বদলি করে হোমগার্ড বিভাগের আইজি করা হয়েছে। কলকাতা পুলিশেও রদবদল হয়েছে। সাইবার ক্রাইম শাখার ডিসি স্পর্শ নীলাঙ্গী-কে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পুলিশ প্রশাসনেও একাধিক পরিবর্তন হয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া-কে কলকাতা পুলিশে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন এসপি হয়েছেন শ্রীকান্ত জগন্নাথ রাও, যিনি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে ডিসি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে কলকাতা ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা মণীশ যোশি-কে কোচবিহারের পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।
তবে প্রশাসনিক মহলের নজর সবচেয়ে বেশি রয়েছে সুপ্রতিম সরকারের বদলির উপর। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাঁকেই সিআইডির নেতৃত্বে আনা হয়েছিল। তাঁর নেতৃত্বেই সিআইডি একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে। সেই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর বদলি ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।



