মহারাষ্ট্র (Maharashtra)-জুড়ে টানা বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। পুণে (Pune)-তে পাহাড় ধসে পাঁচটি বাড়ি চাপা পড়েছে। ধ্বংসস্তূপের নীচে একই পরিবারের তিন সদস্য আটকে রয়েছেন বলে আশঙ্কা। অন্যদিকে, ধস ও জলাবদ্ধতার কারণে মুম্বই (Mumbai)-পুণে এক্সপ্রেসওয়ে-সহ গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ধসের জেরে রেল পরিষেবাও বিপর্যস্ত হয়ে অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য IMD মুম্বই ও পুণেতে রেড অ্যালার্ট জারি করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণের লোহাগড় দুর্গ (Lohagad Fort)-এর কাছে পাহাড়ের একাংশ ধসে পড়ে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া তিনজনকে উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর ৩০ সদস্যের দল অভিযান চালাচ্ছে। উদ্ধারকাজে ভারী যন্ত্রও ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে, প্রবল বর্ষণের জেরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের দ্বিতীয় টানেলের কাছে ধস নামায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পুরনো মুম্বই-পুণে সড়কের একাধিক অংশেও জল জমে যাওয়ায় সেই পথও আপাতত বন্ধ। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় সফর এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টির জেরে রেল পরিষেবাতেও বড় প্রভাব পড়েছে। সেন্ট্রাল রেলওয়ে (Central Railway) জানিয়েছে, কারজাট (Karjat)–লোনাভলা (Lonavala) এবং খান্ডালা (Khandala)-র মধ্যবর্তী এলাকায় ভূমিধসের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ৯টি দূরপাল্লার ট্রেন অন্য রুটে চালানো হচ্ছে। ডেকান কুইন, ডেকান এক্সপ্রেস, প্রগতি এক্সপ্রেস-সহ একাধিক জনপ্রিয় ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে।
এরই মধ্যে মুম্বইয়ের মানখুর্দ (Mankhurd) এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই শিশু। এছাড়া ঠাণেতে নদীতে ডুবে এক কিশোরেরও মৃত্যু হয়েছে। দুর্যোগে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস (Devendra Fadnavis)।
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টাতেও মুম্বই, পুণে, রায়গড়, পালঘর ও ঠাণে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার স্কুল-কলেজ, সরকারি দফতর বন্ধ রাখা হয়েছে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।



