অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে DBT লিঙ্ক বাধ্যতামূলক? জানুন ঘরে বসেই চেক করার সহজ উপায়

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পেতে DBT লিঙ্ক সক্রিয় থাকা জরুরি কি না, তা নিয়ে বাড়ছে বিভ্রান্তি। জেনে নিন স্ট্যাটাস চেকের সহজ উপায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ৩০০০ টাকা পাওয়ার খবর সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু এর মধ্যেই সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়িয়েছে ‘DBT লিঙ্ক’ নিয়ে। অনেকেই বুঝতে পারছেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকলে আদৌ টাকা মিলবে কি না। প্রশাসনের দাবি, আতঙ্কের কোনও কারণ নেই— কয়েকটি সহজ ধাপেই জানা যাবে আপনার অ্যাকাউন্ট প্রস্তুত কি না।

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর থেকেই চর্চার কেন্দ্রে উঠে এসেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

তবে প্রকল্পের আবেদন ও ব্যাঙ্ক সংক্রান্ত নিয়ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে ‘DBT’ বা Direct Benefit Transfer কথাটি সামনে আসতেই অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছেন।

জেলা প্রশাসনের কর্তাদের বক্তব্য, যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা পেনশনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন, তাঁদের নতুন করে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, সেই একই পদ্ধতিতেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানো হবে।

DBT লিঙ্ক আসলে কী?

DBT বা Direct Benefit Transfer হল কেন্দ্রীয় সরকারের ডিজিটাল অর্থপ্রদান ব্যবস্থা। এই ব্যবস্থায় কোনও ব্যক্তির আধার নম্বরকে তাঁর সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হয়।

এর ফলে সরকারি অনুদান, ভাতা বা ভর্তুকির টাকা কোনও মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যায়। আধার ও NPCI ম্যাপিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি DBT Enabled হলে সরকারি টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে জমা পড়ে।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে DBT লিঙ্ক বাধ্যতামূলক? জানুন ঘরে বসেই চেক করার সহজ উপায়
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে DBT লিঙ্ক বাধ্যতামূলক? জানুন ঘরে বসেই চেক করার সহজ উপায়

আপনার অ্যাকাউন্টে DBT চালু আছে কি না বুঝবেন কীভাবে?

খুব সহজেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আপনি DBT স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

প্রথমে যেতে হবে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে। সেখানে আধার নম্বর দিয়ে OTP-এর মাধ্যমে লগ ইন করতে হবে।

তারপর ‘Aadhaar-Bank Seeding Status’ অপশনে ক্লিক করলেই দেখা যাবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বর্তমানে DBT-র সঙ্গে যুক্ত রয়েছে এবং সেটি সক্রিয় আছে কি না।

আরও যেভাবে DBT স্ট্যাটাস জানা যাবে

নিজের ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা নেট ব্যাঙ্কিং থেকেও এই তথ্য দেখা সম্ভব। এছাড়া কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেও স্ট্যাটাস জানা যেতে পারে।

চাইলে সরাসরি ব্যাঙ্ক শাখায় গিয়ে পাশবই দেখিয়ে আধিকারিকদের কাছ থেকেও তথ্য জেনে নেওয়া যাবে। অনেক ব্যাঙ্ক আবার SMS ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও DBT স্ট্যাটাস জানানোর সুবিধা দেয়।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT লিঙ্ক করবেন কীভাবে?

যদি আধার নম্বর এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে অফলাইন বা অনলাইন— দু’ভাবেই এই কাজ করা সম্ভব।

অফলাইন পদ্ধতিতে ব্যাঙ্ক শাখা থেকে আধার লিঙ্কিং ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সঙ্গে আধার কার্ডের কপি জমা দিতে হবে। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ যাচাই করে DBT পরিষেবা সক্রিয় করবে।

অনলাইন পদ্ধতিতে ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপে গিয়ে ‘Aadhaar Linking’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আধার নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই রিকোয়েস্ট সাবমিট করা যাবে।

সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই DBT পরিষেবা চালু হয়ে যায় বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে DBT লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠতে পারে। তাই অযথা গুজবে কান না দিয়ে এখনই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের DBT স্ট্যাটাস যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন