চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ আজ রাত থেকে, বাইপাসে বদলাচ্ছে যান চলাচলের রুট

চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় পর্যায়ের গার্ডার বসানোর কাজ শুরু হচ্ছে শুক্রবার রাত থেকে। বাইপাসে তিনদিন বদলাচ্ছে যান চলাচলের একাধিক রুট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চিংড়িঘাটা মেট্রো প্রকল্প ঘিরে ফের বড়সড় যান নিয়ন্ত্রণ শুরু হতে চলেছে কলকাতায়। শুক্রবার রাত থেকেই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে দ্বিতীয় পর্যায়ের গার্ডার বসানোর কাজ শুরু করবে মেট্রো কর্তৃপক্ষ। এর জেরে আগামী তিনদিন গুরুত্বপূর্ণ একাধিক রাস্তায় যান চলাচলের রুট বদলানো হচ্ছে।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ ফের গতি পেয়েছে। গত ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। সেই সময় ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানো হয়েছিল।

এবার দ্বিতীয় পর্যায়ে ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ হবে। শুক্রবার রাত ৮টা থেকে এই কাজ শুরু হয়ে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রশাসন।

এই কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একাধিক অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে দক্ষিণমুখী লেনে গাড়ির গতি ও রুটে পরিবর্তন আনা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকায় সল্টলেক, বিধাননগর এবং বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে নতুন বিকল্প রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যেতে হবে।

সল্টলেকগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করতে হবে। পাশাপাশি দক্ষিণমুখী গাড়িগুলিকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিমদিকের রাস্তা দিয়ে চালানো হবে।

তবে বাইপাসের দক্ষিণমুখী মূল লেনে স্বাভাবিক যান চলাচল বজায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন। নিউটাউন ও সল্টলেক থেকে বাইপাসমুখী গাড়ির ক্ষেত্রেও বিশেষ নিয়ন্ত্রণ থাকছে।

ওই দিক থেকে আসা গাড়িগুলিকে চিংড়িঘাটা ক্রসিংয়ে শুধুমাত্র বাঁদিকে ঘুরে দক্ষিণমুখী হতে দেওয়া হবে। উত্তরমুখী যেতে ডানদিকে ঘোরা আগামী তিনদিন বন্ধ থাকবে। প্রয়োজন হলে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ-টার্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মেট্রো প্রকল্প দ্রুত শেষ করতেই পর্যায়ক্রমে এই কাজ চলছে। তবে সপ্তাহান্তে বাইপাস ব্যবহারকারীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন