বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার অভিযানে নেমেছিল রাজ্য প্রশাসন। কিন্তু সেই অভিযানেই আপাতত বড় ব্রেক টানল কলকাতা হাইকোর্ট। তিলজলার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শুরু হওয়া বাড়ি ভাঙার কাজের উপর স্থগিতাদেশ দিল আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত কোনও রকম ভাঙাভাঙি চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা বসুচৌধুরী। এই নির্দেশ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যজুড়ে।
তিলজলা এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগে সম্প্রতি বুলডোজার চালিয়ে একাধিক বাড়ি ভাঙার কাজ শুরু করেছিল প্রশাসন। রাজ্য সরকারের দাবি ছিল, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতেই এই অভিযান। তবে সেই পদক্ষেপ নিয়েই আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির সময় রাজ্যের বুলডোজার অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূলের আইনজীবীরা। এরপরই বিচারপতি রাজা বসুচৌধুরী নির্দেশ দেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।
আইনজীবীদের একাংশের মতে, আদালতের এই নির্দেশ প্রশাসনিক পদক্ষেপের উপর বড় ধাক্কা। কারণ, সাম্প্রতিক সময়ে বেআইনি নির্মাণ ভাঙতে একাধিক জায়গায় বুলডোজার অভিযান চালানো হচ্ছিল। হাইকোর্টের পর্যবেক্ষণের পর সেই প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, বুলডোজার অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। বিরোধীদের অভিযোগ, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না করেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছিল। অন্যদিকে, বিজেপির দাবি ছিল বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া প্রয়োজন।
এখন আদালতের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহল। মামলার রায়ে ভবিষ্যতে রাজ্যের বুলডোজার নীতিতে বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।



