প্রশাসনের দরজা এবার সরাসরি মানুষের জন্য খুলে দিতে বড় পদক্ষেপ—রাজ্যে চালু হতে চলেছে ‘জনতার দরবার’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থেকে সপ্তাহে নির্দিষ্ট দিনে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শুনবেন, ইতিমধ্যেই এই কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
সূত্রের খবর, সপ্তাহে একদিন বা দু’দিন এই জনতার দরবার অনুষ্ঠিত হতে পারে। প্রতিদিন প্রায় দু’ঘণ্টা ধরে চলবে এই কর্মসূচি, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এক বা দুই জন শীর্ষ আধিকারিক। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের পথ বের করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই দরবার পরিচালিত হবে, কারা অংশ নিতে পারবেন এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া কী হবে—তা নিয়ে বিস্তারিত রূপরেখা তৈরি হচ্ছে। প্রশাসনের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় সাধনের দিকেও জোর দেওয়া হচ্ছে, যাতে অভিযোগ নিষ্পত্তি দ্রুত করা যায়।
দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই এই ধরনের উদ্যোগ শুরু হয়েছে। উত্তর প্রদেশে ‘জনতা দরবার’ কর্মসূচি নিয়মিত চালু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইভাবে মধ্যপ্রদেশ ও ওড়িশাতেও ‘জনশুনানি’ কর্মসূচির মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
সেই পথেই এবার এগোতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে এই উদ্যোগ, তবে খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত। রাজ্যবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।



