গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ সমাজকর্মী অন্না হাজারে (Anna Hazare)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধির স্থানীয় হাসপাতাল থেকে তাঁকে মুম্বইয়ের বম্বে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তীব্র ভাইরাল সংক্রমণের পাশাপাশি শরীরে জলশূন্যতার সমস্যাও দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।
প্রথমে রালেগাঁও সিদ্ধিতে চিকিৎসাধীন ছিলেন অন্না হাজারে। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর আর ঝুঁকি না নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
একটি কার্ডিয়াক অ্যাম্বুল্যান্সে করে রালেগাঁও সিদ্ধি থেকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বম্বে হাসপাতালে পৌঁছনোর পর তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসক গৌতম বনশালির তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।
চিকিৎসকরা আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। পরীক্ষাগুলির রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী চিকিৎসার ধরন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক গৌতম বনশালি। ফলে আপাতত তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছে মেডিক্যাল টিম।
অন্না হাজারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মহারাষ্ট্রে দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনের জন্য তিনি বহু বছর ধরেই পরিচিত। তবে ২০১১ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর জাতীয় স্তরে তাঁর জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে যায়।
২০১১ সালে দিল্লির যন্তরমন্তরে লোকপালের দাবিতে তাঁর অনশন দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। সেই আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং অন্না হাজারেকে জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করে।
সাম্প্রতিক সময়েও বিভিন্ন জনস্বার্থের বিষয়ে সরব হয়েছেন অন্না হাজারে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যন্তরমন্তরে ছাত্র আন্দোলন শুরু হলে তিনি আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানা যায়।
গত ২০ জুলাই সংসদ অভিযানের সময় বিক্ষোভকারী পড়ুয়াদের উপর পুলিশের বলপ্রয়োগেরও নিন্দা করেছিলেন তিনি। পরে ছাত্রদের দাবিদাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে চিঠি পাঠান প্রবীণ সমাজকর্মী।
দীর্ঘদিন ধরে সামাজিক ও দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত অন্না হাজারের বর্তমান শারীরিক পরিস্থিতি তাই তাঁর অনুগামীদের কাছে উদ্বেগের। চিকিৎসকদের পরীক্ষার রিপোর্ট এবং পরবর্তী চিকিৎসার সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে।



