অবশেষে শুভেন্দুকে শুভেচ্ছা কুণালের, কিন্তু তালিকা থেকে বাদ নয়না! জল্পনা তুঙ্গে তৃণমূলে

শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন কুণাল ঘোষ। তবে অভিনন্দনের তালিকায় নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকায় শুরু নতুন রাজনৈতিক জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক সৌজন্যের নজির দেখা গেল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের পোস্টে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেও, সেই বার্তায় উঠে এল রাজনৈতিক খোঁচাও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অন্য একটি বিষয়— বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও উপ-দলনেতা অসীমা পাত্রকে শুভেচ্ছা জানালেও নাম নেই নয়না বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান কুণাল ঘোষ। একসময় একই রাজনৈতিক শিবিরে কাজ করা এই দুই নেতার সম্পর্ক গত কয়েক বছরে তীব্র রাজনৈতিক সংঘাতে পৌঁছেছিল। তবুও নতুন সরকারের প্রতি সৌজন্য দেখিয়ে শুভেচ্ছা বার্তা দেন কুণাল।

তবে সেই শুভেচ্ছা বার্তাতেই বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে তৃণমূলের অভিযোগের প্রসঙ্গও টেনে আনেন তিনি। কুণাল লেখেন, “ভোটার তালিকা, ভোট মেশিন এবং গণনা লুঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট বক্তব্য আছে। তবে যেহেতু নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, তাই শুভেচ্ছা থাকল।”

একই পোস্টে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি লিডার অসীমা পাত্র এবং মুখ্যসচেতক ফিরহাদ হাকিমকেও অভিনন্দন জানান কুণাল ঘোষ। কিন্তু তৃণমূলের আর এক ডেপুটি লিডার নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে না থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

ওয়াকিবহাল মহলের মতে, এর নেপথ্যে থাকতে পারে পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব। ২০২৪ সালে এক সংবাদমাধ্যমে নয়না বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন তিনি। ঘটনাটি ঘিরে দলের অন্দরে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছিল।

যদিও পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষের উপস্থিতি এবং চা-চক্রে অংশ নেওয়ার পর অনেকেই মনে করেছিলেন সম্পর্কের বরফ গলেছে। কিন্তু সোমবারের শুভেচ্ছা বার্তায় নয়নার নাম না থাকায় সেই জল্পনা ফের উস্কে উঠল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাকে নিছক সৌজন্য রাজনীতির বাইরে গিয়েও দেখা হচ্ছে। কারণ তৃণমূল এখন বিরোধী আসনে, আর সেই পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন