ঈশান ঝড়ে তছনছ কিউয়ি বোলিং! ঝোড়ো সেঞ্চুরিতে বিশ্বকাপের প্রথম একাদশে কার্যত সিলমোহর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে কিউয়ি বোলিংকে তছনছ করলেন ঈশান কিষান। তিরুঅনন্তপুরমে ২৭১ রানের পাহাড় গড়ে বিশ্বকাপের প্রথম একাদশে কার্যত জায়গা পাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফিরে আসা বলে যাকে—এভাবেই ফিরতে হয়। সমালোচনা, বাদ পড়া, অপেক্ষা—সব কিছুর জবাব এক ইনিংসেই দিলেন Ishan Kishan। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে বিধ্বংসী শতরানে কিউয়ি বোলিংকে কার্যত লণ্ডভণ্ড করে দিলেন তিনি। মাত্র ৪২ বলে শতরান, শেষ পর্যন্ত ৪৩ বলে ১০৩—এই ইনিংস শুধু ম্যাচের মোড় ঘোরাল না, বরং আসন্ন বিশ্বকাপের প্রথম একাদশে তাঁর জায়গাও অনেকটাই পাকা করে দিল বলেই মনে করছেন ক্রিকেটমহল।

তিরুঅনন্তপুরমের Greenfield Stadium-এ ভারতের ইনিংস থামল ২৭১ রানে—টি-টোয়েন্টিতে ভারতের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলগত রান। Suryakumar Yadav খেললেন ঝরঝরে ৬৩ রানের ইনিংস। শেষদিকে Hardik Pandya-র ১৭ বলে ৪২ রানের হার্দিকোচিত ঝোড়ো ব্যাটিং স্কোরবোর্ডকে আরও ভারী করে তোলে। কিন্তু ম্যাচ শেষে সব আলো কাড়লেন ঈশানই।

দু’বছরের অপেক্ষার জবাব এক ইনিংসে

দীর্ঘ প্রায় দু’বছর জাতীয় দলের বাইরে ছিলেন ঈশান কিষান। শাস্তিও পেয়েছেন, সমালোচনাও কম হয়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের সুবাদে দলে ফিরে এসেই বুঝিয়ে দিলেন—তিনি প্রস্তুত। আগুন ঝরানোর ইঙ্গিত দিয়েছিলেন আগেই, কিন্তু এদিনের ইনিংস ছিল নিখাদ বার্তা—বিশ্বকাপে তাঁকে উপেক্ষা করা কঠিন।

৪৩ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ১০টি ছক্কা। স্ট্রাইক রেট প্রায় ২৫০। ঈশ সোধির এক ওভারেই তুললেন ২৯ রান—চারটি চার ও দু’টি ছক্কায়। Sodhi-র সেই ওভারই ভেঙে দেয় কিউয়িদের মনোবল। সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে এমন গতিতে রান তুলছিলেন যে ৩০০ ছোঁয়ার স্বপ্নও একসময় অমূলক লাগেনি।

সঞ্জুর ব্যর্থতা, ঈশানের উত্থান

এই ম্যাচ ছিল Sanju Samson-এর জন্যও বড় সুযোগ—ঘরের মাঠে কামব্যাকের। কিন্তু আরও একবার হতাশ করলেন তিনি। মাত্র ৬ রানে ফিরলেন সঞ্জু। উল্টো দিকে ঈশানের ইনিংস সেই বিতর্কে কার্যত ইতি টানল বলেই মনে করছেন অনেকে।

ওপেনিংয়ে Abhishek Sharma ১৬ বলে ৩০ করে ভালো শুরু এনে দিলেও সব নজর ছিল ঈশানের দিকেই। ১৭তম ওভারে শতরান পূর্ণ করেই শিশুর মতো লাফিয়ে উঠলেন তিনি—উচ্ছ্বাসে, স্বস্তিতে, হয়তো নিজের সঙ্গেই করা লড়াই জিতে।

একসময় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেও দলে জায়গা পাকা করতে পারেননি। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে এই শতরান যেন তাঁর স্পষ্ট বার্তা—এবার আর সেই ভুল করতে চান না ঈশান কিষান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন