বেলডাঙায় উত্তেজনার জেরে কৃষননগর থেকে লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হল পূর্ব রেলের পক্ষে

বেলডাঙায় বিক্ষোভ ও ভাঙচুরে উত্তেজনা চরমে। রেলগেট-সিগন্যাল ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ব রেলের সিদ্ধান্তে কৃষননগর থেকে লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুর্শিদাবাদের বেলডাঙায় ফের অশান্তির আগুন ছড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কৃষননগর থেকে লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে বেলডাঙা স্টেশন সংলগ্ন এলাকায় রেলগেট ভাঙচুর ও রেলের সিগন্যাল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়। তার মধ্যেই জাতীয় সড়কে অবরোধ ঘিরে উত্তেজনা চরমে ওঠায় রেলের পক্ষ থেকে নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।

শনিবার বেলায় বিহারে আরও এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বেলডাঙার বড়ুয়া মোড়ে কয়েকশো মানুষ বিক্ষোভে নামেন। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক (NH-12)। মুহূর্তে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এদিকে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও তাঁর সঙ্গে থাকা চিত্রসাংবাদিক উজ্জ্বল ঘোষ। উল্লেখ্য, শুক্রবারও বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন জি ২৪ ঘণ্টার সাংবাদিক সোমা মাইতি এবং ওই সংবাদমাধ্যমের এক চিত্রসাংবাদিক। সেদিন বিভিন্ন সংবাদমাধ্যমের অন্তত ১২ জন কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল।

শনিবার সকালে উত্তেজনার আঁচ গিয়ে পড়ে বেলডাঙা স্টেশন লাগোয়া রেল পরিকাঠামোতেও। স্থানীয় সূত্রে দাবি, রেলগেটে ভাঙচুর চালানো হয় এবং স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যাল ভেঙে ফেলা হয়। এর ফলে ট্রেন পরিষেবা কার্যত থমকে যায়, পরে নিরাপত্তা পরিস্থিতি বিচার করে কৃষননগর-লালগোলা রুটে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মিলিন্দ কে দেউস্কর জানিয়েছেন, বেলডাঙার পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী আরপিএফ ও আরপিএসএফ পাঠানো হচ্ছে। একই সঙ্গে নতুন করে উত্তেজনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন