SIR হিয়ারিংয়ে বাতিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কোন নথি বৈধ, স্পষ্ট করল নির্বাচন কমিশন

SIR শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বৈধ নয়। রাজ্যের সিইও দপ্তরের চিঠির উত্তরে নির্বাচন কমিশন জানাল—বিজ্ঞপ্তির তালিকায় নেই এই নথি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রহণযোগ্য নয়—এই মর্মে স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের সিইও দপ্তরের চিঠির উত্তরে কমিশন জানিয়ে দিয়েছে, দশম শ্রেণির অ্যাডমিট কার্ডকে যাচাইয়ের বৈধ নথি হিসেবে ধরা যাবে না। ফলে SIR হিয়ারিংয়ে এই নথি পেশ করলে তা গ্রহণ করা হবে না।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা কমিশনের বিজ্ঞপ্তিতে যাচাইয়ের জন্য যে নথিগুলির তালিকা দেওয়া হয়েছিল, সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনও উল্লেখ নেই। সেজন্যই সেটিকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়নি।

কমিশন জানায়, SIR-এর ক্ষেত্রে যে ১১টি নথি গ্রহণযোগ্য বলে নির্দিষ্ট করা হয়েছিল, তার মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেট রাখা হয়েছে—কারণ সেখানে জন্মতারিখ ও জন্মসাল স্পষ্টভাবে উল্লেখ থাকে। পাশাপাশি, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্রও গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে। তবে অ্যাডমিট কার্ড এই তালিকায় নেই।

তবে বাস্তবে দেখা গিয়েছিল, জেলায় জেলায় কোথাও কোথাও SIR প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হয়েছে। এই অসঙ্গতি নিয়েই প্রশ্ন ওঠে। সম্প্রতি রাজ্যের সিইও দপ্তর-এর সঙ্গে এক ভিডিও কনফারেন্সে উত্তরবঙ্গের এক জেলাশাসক বিষয়টি তুলেছিলেন। যুক্তি দেওয়া হয়েছিল—যদি সার্টিফিকেট নেওয়া হয়, তা হলে অ্যাডমিট কার্ড কেন নয়?

এই বিভ্রান্তি দূর করতেই রাজ্যের সিইও দপ্তর নির্বাচন কমিশনকে লিখিতভাবে বিষয়টি জানায়। তার জবাবেই কমিশন স্পষ্ট করে দেয়—মাধ্যমিকের অ্যাডমিট কার্ড SIR যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য নয়। পরবর্তীতে অ্যাডমিট কার্ডকে বৈধ নথির তালিকায় যুক্ত করার আবেদনও জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদন অনুমোদন পায়নি।

ফলে SIR হিয়ারিংয়ে অংশগ্রহণকারীদের জন্য বার্তা পরিষ্কার—যাচাইয়ের সময় শুধু কমিশন-নির্ধারিত নথিই পেশ করতে হবে, অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন