নজরবন্দি ব্যুরো: ভ্যাকসিন নেওয়ার পরেও ফের করোনা পজিটিভ! সুরক্ষার খাতিরে বড় পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের। করোনা টিকা নিয়েও পজিটিভ হয়েছেন। ভ্যাকসিন গ্রহীতাদের সুরক্ষার জন্য বড়সড় পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের। দু’টি ডোজ নেওয়ার পরেও ফের করোনা পজিটিভ হয়েছেন অনেকেই। এমন ভ্যাকসিন গ্রহীতাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে তথ্যভাণ্ডার তৈরি করবে স্বাস্থ্যদপ্তর।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত আসন্ন নির্বাচনের ভোটকর্মী, নেই কোন নির্দেশিকা বা কোয়ারেন্টাইন লিভ!
স্বাস্থ্য দপ্তরের তৈরি করা তথ্যভাণ্ডারে জানা যাবে, টিকা প্রাপকদের লালারসে প্রাপ্ত করোনার মিউটেশন ঘটেছে কি না? আর এই জন্য দরকার গ্রহীতার জীবনচর্যা। ‘টিকা নিলেই আর ভয় নেই’ এমন একটা ধারণা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রথম ডোজ নেওয়ার পর যদিও বা মাস্ক বা বারবার হাত ধোয়া অভ্যাস থাকছে, কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকেই সব অভ্যাস উধাও। আর এই ঘটনাতেই সিঁদুরে মেঘ দেখছে স্বাস্থ্যদপ্তর। যদিও অন্য রাজ্যের তুলনায় এখানে সেই সংখ্যা অনেক কম। কিন্তু দু’টি ডোজ নেওয়ার পরেও কয়েকজন ফের করোনা আক্রান্ত হচ্ছেন।
স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তথ্য বলছে, রাজ্যে অন্তত ১২ জন দু’টি ডোজ নেওয়ার পরেও কোভিড পজিটিভ হয়েছেন। জ্বর-সর্দির সংক্রমণ থাকায় করোনার আরটিপিসিআর (RT-PCR) পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট আসছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী জানিয়েছেন,”দু’টি ডোজ নেওয়ার অন্তত ৩-৪ সপ্তাহ পরেই শরীরে প্রোটেক্টিভ ইমিউনিটি তৈরি হয়। করোনার অ্যান্টিবডি তৈরি হয়। যদিও অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এমন নজির খুব কম। কিন্তু এই সামান্য বিষয়কেও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে।”
ভ্যাকসিন নেওয়ার পরেও ফের করোনা পজিটিভ! সুরক্ষার খাতিরে বড় পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, দু’টি ডোজ নেওয়ার তিন সপ্তাহ পরেও যাঁরা পজিটিভ হয়েছেন, তাঁদের আরটিপিসিআর পরীক্ষার পর জিনোম সিকোয়েন্স স্টাডি করা হবে। সেই তথ্য স্বাস্থ্য দপ্তরের প্রোটোকল বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন।



