সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা সাংবাদিক। রবিবার দুপুরে ফেসবুক লাইভ করে ওই সাংবাদিক অভিযোগ করেছেন, সকালে তিনি তন্ময়ের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, সেই সময় সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না।
ওই সাংবাদিকেদর অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছ্ন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে এদিন বিষয়টা মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা। এই ঘটনা নিয়ে সিপিএম নেতা তন্ময় বাবু বলেন,
“ আমি ওকে চিনি। একাধিকবার সাক্ষাৎকার নিয়েছে। বরাবরই ঠাট্টা করি। আজ দেখলাম লাইভে…কথা প্রসঙ্গ আমি ওর বাঁদিকের পায়ের উপর আঙুল রেখে বলেছি, এখানে? তাতে ও পোটেনশিয়াল রেপিস্ট বলে মন্তব্য করল। এর আগে ওই মেয়েটি অন্তত দশ বার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওর সঙ্গে আমি এর আগেও ইয়ার্কি করেছি। কিন্তু আজকে হঠাৎ করে কী হল আমি জানি না”।
আর জি করের ঘটনায় প্রতিবাদ করেছে সি পিআই এম। অনেক নেতা সোশ্যাল মিডিয়াতে তাঁদের বক্তব্য রেখেছেন। তাই এই ঘটনায় পার্টি সদস্য থেকে সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখেরা এই নিয়ে কথা বলতে শুরু করেছেন। ফলে চাপ বাড়ছে আলিমুদ্দিনে। অপর দিকে তৃণমূল নেতা দেবাংশু বলেন, “ তন্ময়বাবুকে সম্মান করতাম। মেয়েটি যখন এমন অভিযোগ করেছে সেটাও খতিয়ে দেখা দরকার”।



