আমরা অপ্রিয় হচ্ছি আর তুমি চৈতন্যদেব সাজছো! ফের দেবের বিরুদ্ধে সরব কুণাল

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবার দু'বার উদ্বোধনকে কেন্দ্র করে বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের একবার এক্স হ্যান্ডেলে তৃণমূলের দুই নেতার প্রকাশ্যে বিবাদ। সাংসদ দেবকে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবার দু’বার উদ্বোধনকে কেন্দ্র করে বিতর্ক।

লোকসভা নির্বাচনের আগে বিজেপি সমর্থক মিঠুন চক্রবর্তীর প্রশংসা থেকে শুরু করে ‘খেলা হবে’, ‘গদ্দার’-এর মতো স্লোগানকে কেন্দ্র করে এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দেব ও কুণাল। চলতি বছর ১২ মার্চ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উদ্বোধক হিসেবে নাম ছিল তৃণমূলনেত্রীর। আর এবার ৪ সেপ্টেম্বর নতুন করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন করলেন সাংসদ দেব। আর এই বিষয়টি নিয়েই কার্যত সরব কুণাল।

প্রথমে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪ সেপ্টেম্বর ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CM-এর নাম পাল্টে MP। সুপারস্টার একেই বলে।
এলাকার মানুষ তো অবাক!! Congrats Deb.”

এরপর পাল্টা জবাবে দেব লেখেন, “নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।”

এখানেই না থেমে দেব আরও লেখেন, “আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপারস্পেশিটি হাসপাতালে ডায়ালিসিস এর পরিষেবা আরম্ভ হয়ে গেছে, এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবেনা এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে।”

এরও জবাব দেন কুণাল। তিনি ফের লেখেন, “দেব, দিদি যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, সেটা ছবিতেই স্পষ্ট। উদ্বোধন দুবার হয় না। দুটো যন্ত্র এলেও হয় না। আর চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। আর তুমি চৈতন্যদেব সাজছো। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাদের সঙ্গে আদিখ্যেতা করি না।”

যদিও পরবর্তীতে কুণাল ঘোষ ‘অভিনেতা’ দেবের প্রশংসা করেন। তিনি বলেন, “দেবকে আমি খুব ভালোবাসি। ভালো ছেলে। ও পর্দায় ২০ জনকে একাই মেরে শুইয়ে দিতে পারে। এখন যদি আমার উপর রাগ করে তাহলে তো আমি বিপদে পড়ে যাব!” তবে এই বিষয়ে দেবের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন