চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগের দিন বাংলার নানান প্রান্তে চলল জমজমাট প্রচার। একদিকে যেমন চার জায়গায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেরকমই রবিবাসরীয় প্রচারের ময়দান আলোকিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!
বনগাঁ লোকসভায় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে প্রচারসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে এই লোকসভা কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। জিতেছিলেন শান্তনু ঠাকুর। যিনি জায়গা পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীসভাতেও। বনগাঁ লোকসভায় মূল ‘ফ্যাক্টর’ হল মতুয়া ভোট। আর এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণে জানালেন সিএএ-কে সমর্থন করতে পারে রাজ্য সরকার, তবে একটাই শর্তে!

তৃণমূল সেনাপতির কথায়, “বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করেন যে, আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, কোনও এনআরসি হবে না, তা হলে তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করবে। আমি কথা দিয়ে যাচ্ছি।”

বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে আড়াই হাজার, আশঙ্কা অভিষেকের
পাশাপাশি, অভিষেকের আশঙ্কা নির্বাচন শেষ হলেই গ্যাসের দাম দ্বিগুণ করবে কেন্দ্র সরকার। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে ২০২৯ সালে রান্নার গ্যাসের দাম আড়াই হাজার টাকা। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে দেশে ৫০ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। দারিদ্রসীমার নীচে থাকা পরিবারকে বছরে দশটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেবে নতুন সরকার।”




