ফের একবার বাগযুদ্ধে জড়ালেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। এদিন কল্যাণকে ‘মিস্টার ইন্ডিয়া’ বলে কটাক্ষ করেন বাম প্রার্থী। পাল্টা কল্যাণের কথায়, দীপ্সিতা হলেন ‘মিস ইউনিভার্স’!
আরও পড়ুন: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, জেলা স্কুল টেক্কা দিল কোলকাতাকে
প্রথম থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দীপ্সিতা ধর তাঁকে ব্যক্তিগত আক্রমণ করছেন। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে একটি রাস্তার মোড়ে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ। সেই সময় পাশ দিয়ে সিপিআইএম-এর মিছিল যাচ্ছিল। সেই দেখে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন কল্যাণ।

দীপ্সিতাদের মিছিলকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’, ‘বিজেপির দালাল সিপিএম’ বলে স্লোগান দিতে থাকেন নিজেই। এরপরই এই বিষয় নিয়ে দীপ্সিতাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “উনি এসবই করছেন। এখন রাস্তায় নেমেছেন। ওনাকে নামতে হচ্ছে। আর ফলাফল প্রকাশের পর ওনাকে রাস্তাতেই থাকতে হবে। উনি মনে হয় মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনও ছাড়তে পারেননি।”

শ্রীরামপুরে ফের তরজায় কল্যাণ-দীপ্সিতা, CPIM প্রার্থীকে ‘মিস ইউনিভার্স’ বলে কটাক্ষ!
পাল্টা কল্যাণের দাবি, “দীপ্সিতা আমাকে দেখবে কি করে? কত বড় পন্ডিত ভাবুন, ৯ বছর ধরে গবেষণা করেও থিসিস জমা দিতে পারছে না। সিপিএম একই রয়েছে। কোনও পরিবর্তন হয়নি। নিজেকে মিস ইউনিভার্স ভাবছে। এখান থেকে হেরে ভূত হয়ে যাবে।”




