খুনের চেষ্টার মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষাকবচের আবেদন খারিজ করল আদালত। আপাতত মিলল না স্বস্তি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয়। এবার কি তবে গ্রেফতার হবেন নিশীথ প্রামাণিক? শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন: কার্জন গেট বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সায়নীর মন্তব্যে বিতর্ক জেলাজুড়ে
২০১৮ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে কোচবিহারে দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্দে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২২৬ ধারায় মামলা রুজু করা হয়। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। রক্ষাকবচের আবেদন নিয়ে আদালতের দারস্থ হন নিশীথের আইনজীবী। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ। কিন্তু এদিন সেই আবেদন খারিজ হয়ে যায়।

এদিকে নিশীথের রক্ষকবচের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাঁর গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশিষ্ট মহল মনে করছে, স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গ্রেফতার করতে এখন কোনও বাধা রইল না। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতিশংকর চক্রবর্তী জানান, এখন চাইলেই পুলিশ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারে। আগামী ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
খুনের চেষ্টার মামলায় গ্রেফতার হবেন নিশীথ? আদালতে জোর ধাক্কা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

কয়েক মাস পরই লোকসভার নির্বাচন। কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে তাঁকে ভরসা করে এই প্রমাণ মিলেছে একাধিকবার। স্বরাষ্ট্রমন্ত্রকের মত কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ দফতরের প্রতিমন্ত্রী তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। বিপুল ভোটে জয় পেয়েছিলেন। যদিও পরবর্তীকালে সাংসদ থাকার ইচ্ছে প্রকাশ করে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নিশীথ। তাঁর গ্রেফতারিতে দলে কী প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।



