নজরবন্দি ব্যুরো: গত মাসে প্রয়াত হয়েছেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বের্লুস্কোনি। এবার তাঁর উইলে দেখা গেল, তিনি তাঁর ৩৩ বছর বয়সী প্রেমিকা মার্তা ফাসকিনার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা দিয়ে গিয়েছেন। আর এই ঘটনায় রীতিমতো চক্ষু চড়কগাছ সবার! কারণ, মার্তাকে বিয়ে করেছিলেন না বের্লুস্কোনি। অথচ উইলে মার্তাকে স্ত্রীর মর্যাদাই দিয়েছেন তিনি।
আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য সুখবর, এবার ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ
১৯৯৪ সালে ইতালির রাজনীতিতে পা রেখেছিলেন সিলভিও বের্লুস্কোনি। আর মার্তা ২০১৮ সালের নির্বাচনে জিতে ইতালির পার্লামেন্টের সদস্য হন। ২০২০ সাল থেকে মার্তা ও বের্লুস্কোনির প্রণয় শুরু হয়। মার্তা ছিলেন বের্লুস্কোনির চেয়ে প্রায় ৫৪ বছরের ছোট। বের্লুস্কোনি অবশ্য আগেও দু’বার বিয়ে করেছিলেন। তাঁর পাঁচটি সন্তানও রয়েছে। তাঁদের মধ্যে মারিনা ও পিয়ের সিলভিও এই মুহূর্তে বাবার সিংহভাগ ব্যবসা চালাচ্ছেন। মার্তার পাশাপাশি, ভাই পাওলোকেও ১০০ মিলিয়ন ইউরো এবং পার্টির জন্য জেল ঘাটা সেনেটর মার্চেলো দেল’উত্রিকে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে গেছেন বের্লুস্কোনি।

সিলভিও বের্লুস্কোনির সম্পত্তির পরিমাণ বিশাল। তাঁকে বিলিয়নিয়ার বলাই যায়। জীবনের বেশিরভাগ সময়টাই তিনি একেবারে সংবাদমাধ্যমের শিরোনামে থেকেছেন। নানান রকম ব্যবসা ছিল তাঁর। গত ১২ই জুন মিলানের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। লিউকোমিয়ায় ভুগছিলেন তিনি।
সিলভিও বের্লুস্কোনি তিন দফায় ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে একটি আয়কর জালিয়াতির মামলা হয় এবং তিনি ৬ বছর রাজনীতি থেকে বহিষ্কৃত ছিলেন। যদিও তারপরে আবার রাজনীতিতে ফেরেন এবং প্রধানমন্ত্রী না হলেও জীবনের শেষদিন পর্যন্ত রাজনীতির সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।
বিয়ে না করেও স্ত্রীর মর্যাদা! প্রেমিকার জন্য ৯০০ কোটি টাকা রেখে গেলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী




