নজরবন্দি ব্যুরো: তৃতীয় দিনেও লর্ডসে জারি থাকল অজিদের শাসন। ফলে বলা যেতেই পারে, জয়ের থেকে ক্রমশই দূরে সরছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২২১ রানের লিডে পৌঁছে গিয়েছে। এখনও তাঁদের হাতে রয়েছে ৮ উইকেট। ক্রিজে আছেন উসমান খোয়াজা (৫৮*) ও স্টিভ স্মিথ (৬*)।
আরও পড়ুন: একই দিনে কেউ সেঞ্চুরি করলেন কেউ অল্পের জন্য ফস্কালেন, নাটকীয় অ্যাশেজে মজা শুধু দর্শকদের!
কোনো টোটকাই কাজে আসছে না ইংল্যান্ডের। তৃতীয় দিনের শুরুতে মিচেল স্টার্কের অবিশ্বাস্য একটি স্পেল আর অস্ট্রেলিয়ার শর্ট বল স্ট্র্যাটেজির সামনে খড়কুটোর মতো ভেঙে পড়ল ব্রিটিশ রথ। ২৭৮ রানে ৪ উইকেট থেকে ৩২৫ রানেই অলআউট হয়ে গেল বেন স্টোকসের ছেলেরা। পাল্টা দ্বিতীয় ইনিংসেও দারুণ শুরু করল অস্ট্রেলিয়া। ফর্মে থাকা খোয়াজা করলেন অর্ধশতরান। লাবুশেন ও ওয়ার্নার যোগদান করলেন যথাক্রমে ৩০ ও ২৫ রান। ফলে মাত্র ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ১৩০।

লর্ডসের পিচ ও আবহাওয়া দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বেন স্টোকসের টসে জিতে বল করার সিদ্ধান্তকে নিন্দা করেছেন। প্রাক্তন খেলোয়াড়রাও খুশি নয় দলের পারফরম্যান্সে। বাজবল বাজবল করে বিশ্বের ঘুম উড়িয়ে দিতে গিয়ে এখন নিজেরাই ফাঁপরে পড়েছে ইংল্যান্ড। প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তো বলেই দিয়েছেন, বাজবল খেলে বিনোদন দেওয়ার মানে এই নয় বুদ্ধিহীনভাবে টেস্টে ব্যাট করা।

গতবারের অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। এবার লর্ডস টেস্ট জিতে যাওয়া মানে সিরিজে তাঁরা ২-০ এগিয়ে যাবে। ফলে, ইংল্যান্ডের কাছে কিন্তু লড়াই কঠিন হয়ে যাচ্ছে। এখন ইংল্যান্ড কীভাবে এই ম্যাচে ফিরে আসে এবং সব সমালোচকের মুখ বন্ধ করে দিতে পারে কিনা সেটাই দেখার।
লর্ডসে জারি অজিদের শাসন, জয়ের থেকে ক্রমশই দূরে সরছে ইংল্যান্ড




