নজরবন্দি ব্যুরো: লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে একই দিনে কেউ সেঞ্চুরি করলেন কেউ অল্পের জন্য ফস্কালেন। প্রথম জন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, যিনি তাঁর ৩২ তম টেস্ট সেঞ্চুরি পেলেন। দ্বিতীয়জন, ইংল্যান্ডের তরুণ ওপেনার বেন ডাকেট, অসাধারণ ইনিংস খেলেও মাত্র দু’রানের জন্য শতরান পেলেন না। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেট হারিয়ে ২৭৮।
আরও পড়ুন: লর্ডসে শতরানের দোরগোড়ায় স্মিথ, টসে জিতে বল ভুল সিদ্ধান্ত বলছে মহল


লর্ডসে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেট হারিয়ে ৩৩৯। সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন স্টিভ স্মিথ। এদিন সেঞ্চুরি করার পাশাপাশি অনেকগুলি রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ান ব্যাটার। অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক শতরনকারী হয়ে গেলেন তিনি। তার সামনে এখন কেবল রিকি পন্টিং, তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪১টি। এছাড়া বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্রুততম ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন স্মিথ। তবে, দ্বিতীয় দিন প্রথমে দারুণ বল এবং পরে দুরন্ত ব্যাট করে লড়াই জারি রাখল ইংল্যান্ড। অলি রবিনসন ও জস টঙ্গে দু’জনেই নিয়েছেন ৩টি করে উইকেট।

কিন্তু, দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার বেশী রান যোগ করতে পারল না। ৪১৬ রানেই শেষ হয়ে গেল অজি ইনিংস। এরপর ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬১ ওভারে করল ২৭৮ রান! যা প্রমাণ করে, পরিস্থিতি যাই হোক বাজবল স্টাইলে খেলা থেকে তাঁরা বিরত থাকবে না। যারাই রান করলেন তাঁরাই দ্রুত গতিতে রান তুলে গেলেন।



রানের হিসেব দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। জ্যাক ক্রলে করলেন ৪৮ বলে ৪৮, বেন ডাকেট ১৩৪ বলে ৯৮, অলি পোপ ৬৩ বলে ৪২, হ্যারি ব্রুক ৫১ বলে ৪৫। এদিন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক দিলেন সবচেয়ে বেশী রান। ১২ ওভার বল করে তিনি ৭৫ রান দিয়েছেন! ফলে, অ্যাশেজে লড়াই জারি রাখল ইংল্যান্ড। ভাগ্যের সহায়তা না পেয়ে বেন ডাকেট শতরানটি করতে পারলেন না। কিন্তু, একটা কথা পরিষ্কার, টানটান অ্যাশেজে মজা শুধু দর্শকদের!
একই দিনে কেউ সেঞ্চুরি করলেন কেউ অল্পের জন্য ফস্কালেন








