নজরবন্দি ব্যুরোঃ গত বছর উত্তরপ্রদেশের নির্বাচনের সময় বারাণসীতে গিয়ে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে এসেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন, একই ধাঁচে কলকাতাতেও গঙ্গা আরতির বন্দোবস্ত করা হোক। মুখ্যমন্ত্রীর সেই চিন্তাধারার বাস্তবায়ন হতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকেই শুরু গঙ্গা আরতি। কলকাতার বাজেকদমতলা ঘাটে এই উদ্যোগের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ TMC: খড়দায় অটো চুরি কাণ্ড, গ্রেফতার তৃণমূল নেতা!
জানা গেছে, বৃহস্পতিবার থেকে সেই গঙ্গা আরতি শুরু করা সম্ভব হচ্ছে। বিকেল চারটে নাগাদ ১৫ জন পুরোহিতের উপস্থিতিতে শুরু হতে পারে গঙ্গা আরতি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র সহ মেয়র পারিষদরা। দেবী গঙ্গার মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী।

এক সপ্তাহ ধরে গঙ্গা আরতির মহড়া চলেছে বাজেকদমতলা ঘাটে। সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন মেয়র ফিরহাদ হাকিম। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত দেখে বৃহস্পতিবার গঙ্গা আরতি সূচনার দিন ঠিক করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার বিষয়েও নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর সুচনার পরেই সেই জায়গা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার থেকেই শুরু গঙ্গা আরতি, কোথায় হবে?

ইতিমধ্যে সংশ্লিষ্ট ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে৷ দর্শনার্থীদের সুবিধার্থে আয়োজন করা হচ্ছে লেজার শো-র৷ ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তারও বন্দোবস্ত করা হচ্ছে৷ কলকাতা পুরসভার এক শীর্ষ আধিকারিকের কথায়, গঙ্গা আরতি এবং পর্যটকদের নিরাপত্তা, এই দু’য়ের সঠিক পরিকল্পনা যেখানে কার্যকর করা যায় তা বিবেচনা করা হয়। তার পরেই বাজেকদমতলা ঘাটকে গঙ্গা আরতির জন্য বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ আগামী দিনে আকর্ষণের কেন্দ্র হতে চলেছে কলকাতা।



