নজরবন্দি ব্যুরোঃ আবারও রাজ্যের প্রকল্পকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিল কেন্দ্রের মোদী সরকার। এবার কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কার পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার প্রকল্প। শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে রাজ্যকে এই পুরস্কার দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুনঃ বামেদের সম্মেলনের পোস্টারে বেনজির ভুট্টোর ছবি, কটাক্ষ বিজেপি-র
রাজ্য সরকারের হয়ে এদিন এই পুরস্কার গ্রহণ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন পুরস্কার গ্রহণের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নজির গড়েছে দুয়ারে সরকার প্রকল্প। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করে দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আর তাই যোগ্য বলেই প্ল্যাটিনাম পুরস্কারে এই প্রকল্পকে সম্মানিত করেছে কেন্দ্র। তিনি আরও বলেন, “২০২০ সালের পয়লা ডিসেম্বর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় এই পরিষেবা। মোট পাঁচ দফায় রাজ্যের বিভিন্ন শহরে ৩ লক্ষ ৮০ হাজার ক্যাম্প তৈরি করা হয়েছিল। যেখানে ভিজিটরের সংখ্যা প্রায় ৯ কোটি।

মোট ৭.৮ কোটি আবেদন জমা পড়েছিল। যার মধ্যে ৬ কোটি ৭০ লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সংখ্যাকে তো অস্বীকার করা যায় না। তাই বিরোধীরা যতই এই প্রকল্পকে কটাক্ষ করুক, খোদ কেন্দ্রই আমাদের সম্মানিত করল।” উল্লেখ্য, তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোটি-কোটি জনগণকে সরকারি পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার।
দুয়ারে সরকার সম্মানিত, মমতার প্রকল্পকে প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কার দিলেন মোদির সরকার

‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে পৌঁছোচ্ছে সেই সব পরিষেবা। দেশের বিভিন্ন রাজ্যের এমনই বেশ কিছু প্রকল্পের মধ্যে এবার বাংলার দুয়ারে সরকারকেই শ্রেষ্ঠ বলে বেছে নিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক।



