নজরবন্দি ব্যুরোঃ ‘নো হেলমেট নো পেট্রোল’, হেলমেট না পড়লে মিলবে না পেট্রোল। এমনটাই নির্দেশিকা দিল কলকাতা ট্রাফিক পুলিশ। বাইক চালক ও আরোহীর মাথায় হেলমেট না থাকলে পেট্রোল-ডিজেল পাবেন না তারা। ৮ই ডিসেম্বর, মঙ্গলবার থেকে কলকাতা শহরে বাইকচালক ও আরোহীদের হেলমেট বাধ্যতামূলক।
আরও পড়ুনঃ দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কমল সুস্থতার সংখ্যা
হেলমেট না থাকলে শহরের কোনও পেট্রোল পাম্প থেকে পেট্রোল বা ডিজেল পাওয়া যাবে না। আগামী বছরের ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে বলে শুক্রবারই জানিয়ে দেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। এদিন কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফেও এই নতুন নির্দেশিকা টুইট করে জানানো হয়। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে, ‘এ বার থেকে কলকাতা পুলিশের আওতাধীন (কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার যে অংশ কলকাতা শহরতলির মধ্যে পড়ছে) কোনও পেট্রোল পাম্পে হেলমেটবিহীন টু-হুইলার চালক বা আরোহীকে জ্বালানী বিক্রি করা যাবে না’।
ওই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও ওই নির্দেশিকায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাঝেরহাট সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার বাইক আরোহীদের সচেতন করে সবসময় হেলমেট পরার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে নিজের দেখা কিছু বাইক দুর্ঘটনার কথা শেয়ার করার পাশাপাশি বিনীত ভাবে হেলমেট পরে বাইক চালানোর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই শুক্রবার বাইক আরোহীদের জন্য ‘নো হেলমেট নো পেট্রোল’, নতুন নির্দেশ জারি করল রাজ্য সরকার। অন্যদিকে, ‘জয় হিন্দ’ সেতু খুলে দেওয়ার পরই নতুন সেতু দেখতে অনেকেই ভিড় জমান সেখানে।
‘নো হেলমেট নো পেট্রোল’, সেতুতে উঠে পড়া হেলমেটহীন বাইকচালকদের জন্য এ দিন বিশেষ আয়োজন ছিল কলকাতা পুলিশের। ওই চালকদের জরিমানা না করে হেলমেট বিতরণ করা হয় ট্র্যাফিক পুলিশের তরফে। এ বিষয়ে ডিসি (ট্র্যাফিক) রূপেশ কুমার জানান, এক সপ্তাহ এ ভাবেই মানুষকে সচেতন করা হবে। কিন্তু এরপরও কেউ যদি হেলমেট ছাড়া বাইক নিয়ে এই সেতুতে ওঠেন তখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



