শুভেন্দু-সৌগত যোগ দিচ্ছেন বিজেপি-তে? অর্জুনের দাবিকে ‘দিবাস্বপ্ন’ আখ্যা সৌগতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু-সৌগত যোগ দিচ্ছেন বিজেপি-তে? শনিবার সকালে ছটপুজো উপলক্ষে নৌকায় গঙ্গা ভ্রমণের সময়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ। তাঁর মন্তব্য, “শুধু শুভেন্দু অধিকারীই নন, সৌগত রায়-সহ অন্তত ৫ জন তৃণমূল সাংসদ যে কোনও সময়ে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের জন্য প্রস্তুত। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।”

আরও পড়ুনঃ হুগলিতে দাঁড়িয়ে কল্যাণকে তীব্র আক্রমন শুভেন্দুর, নজরবন্দি ‘২১ নির্বাচন!

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, “আমি মরে যাব, তবু বিজেপিতে কখনও যাব না।” তবে অর্জুন সিং এর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ‘দাদার অনুগামী’ দিয়ে পোস্টার দিয়ে এতদিন শুভেন্দু অধিকারী জিইয়ে রাখছিলেন জল্পনা। অরাজনৈতিক একাধিক সভায় নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

আবারও ১৯ তারিখ রামনগরের সভা থেকে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীও তাড়াননি, আমিও দল ছাড়িনি।” তবে একবারের জন্যও নাম করেননি তৃণমূলের। অন্যদিকে, তাঁকে দলে টানতে অতি উৎসাহী বঙ্গের গেরুয়াশিবির। কারণ, মুকুল রায়ের পর শুভেন্দু অধিকারীর মতো জনপ্রিয় নেতা, সংগঠককে পেলে একুশের লড়াইয়ে তাদের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করে বিজেপি নেতৃত্ব।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের অনেকেই শুভেন্দু অধিকারীরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাগত জানিয়েছেন। সেই তালিকায় এবার সৌগত রায়ের নামও জুড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, তথা বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং। শুভেন্দু অধিকারী, সৌগত রায়-সহ ৫ জন তৃণমূল সাংসদ যে কোনও সময়ে শিবির বদলাতে প্রস্তুত, এই মন্তব্যের পর অর্জুন আরও বললেন, “শুভেন্দু অধিকারীর মতো জননেতা তৃণমূল ছেড়ে দিলে সরকার পড়ে যাবে। তৃণমূলের আর কোনও শক্তি থাকবে না।”

শুভেন্দু-সৌগত যোগ দিচ্ছেন বিজেপি-তে? অর্জুন সিংয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় প্রথমে তাঁর ‘দিবাস্বপ্ন’ বলে উড়িয়ে দিলেও পরে তাঁর তীব্র প্রতিক্রিয়া, “আমি রাজনীতি ছেড়ে দেব, মরে যাব। তবু বিজেপিতে কিছুতেই যাব না। কারণ, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেই আমি মনে করি। তার বিরুদ্ধে লড়াই সবসময় জারি থাকবে। উনি যা বলছেন, তা বিজেপির মিথ্যা প্রচার, গুজব উসকে দেওয়ার নীতি।”

অন্যদিকে গতকাল কল্যান বন্দোপাধ্যায়ের গড় হুগলীর বলাগড়ে গিয়ে নাম না করে কল্যান কে আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, “আমি শ্রদ্ধা জানিয়েই বলছি প্রাক্তন সাংসদ অনিল বসু যখন কাউকে আশালীন কথা বলতেন তখন হুগলির মানুষ মেনে নেয়নি। আজ যদি কোনও বর্তমান জনপ্রতিনিধি আমার বা আমার পরিবারের বিরুদ্ধে কোনও অশালীন আচরণ করেন তবে কী আপনারা মেনে নেবেন?’ জনতা সোচ্চারে বলে ওঠেন ‘না!’ শুভেন্দু ফের বলেন, “আপনারা কি এই কালচার সমর্থন করেন?” উপস্থিত জনতা সমস্বরে ফের একবার ‘না’ বলতেই ধন্যবাদ জানিয়ে মঞ্চ ছাড়েন বিতর্কিত তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন