নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে মতুয়া বাড়িতেই মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে। মাঠে নেমে পড়েছে শাসক ও বিরোধী দল। করোনা আবহে থেমে থাকছে না প্রচার কাজ। বুধবার সন্ধেয় কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর টানা দু’দিনের কর্মসূচি রয়েছে তাঁর। যার মধ্যে বাঁকুড়া ও কলকাতায় একাধিক বৈঠক ছাড়াও রয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও দু’দিন দুই প্রান্তিক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ।
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনার শক্তবৃদ্ধি করতে দেশে আসছে আরও তিন টি উন্নত প্রযুক্তির রাফায়েল।
তবে সাংগঠনিক বৈঠককে ছাপিয়ে অমিত শাহর এবারের সফরে নজর টানছে বৃহস্পতি ও শুক্রবার যথাক্রমে একটি আদিবাসী ও এক উদ্বাস্তু মতুয়া পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার কর্মসূচি। গতকাল বিজেপির তরফে যে সফরসূচি প্রকাশ করা হয়েছে তাতে বুধবার রাজারহাটের একটি হোটেলে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে রাজারহাট থেকে বাঁকুড়া যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রবীন্দ্র ভবনে রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলাগুলির বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে তাঁর কলকাতা ফেরার কথা।
শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা শাহের। সেখান থেকে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি যাবেন তিনি। সেখানে তাঁর সঙ্গে একান্ত আলাপচারিতা সারবেন। এরপর তিনি যাবেন বিধাননগরের ইজেডসিসি-তে। সেখানে কলকাতা ও লাগোয়া জেলাগুলির দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। বিকেলে সমাজে বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে সাংগঠনিক বৈঠকের থেকে অমিতের সফরে নজর কাড়ছে একটি আদিবাসী ও এক উদ্বাস্তু মতুয়া পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার কর্মসূচি।
রাজ্যে মতুয়া বাড়িতেই মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।ভাত-ডাল-শুক্তোর নিপাট বাঙালি পদে দুপুরের খাওয়া সারতে সারতেই শুনবেন তাঁদের সুখ-দুঃখের কথা। পরিবারের সদস্য হয়ে গিয়ে ক্ষণিকের আনন্দ ভাগ করে নেবেন তাঁদের সঙ্গে। আর এতেই প্রশ্ন জাগছে মানুষের মনে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বাঁকুড়ায় দলীয় বৈঠক ও তারপর সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে বৈঠকের ফাঁকেই বাঁকুড়া বিধানসভার আম্বারঠোল এলাকায় এক আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। ঠিক একইরকম শুক্রবারও সল্টলেকের ইজেডসিসিতে বৈঠকের মাঝেই রাজারহাটের গৌরাঙ্গনগরে এক উদ্বাস্তু মতুয়া পরিবারের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিধানসভা ভোটের আগে বাংলায় আদিবাসী ও উদ্বাস্তু ভোট ব্যাংকই লক্ষ্য বিজেপির। বিজেপি নেতাদের দাবি, গত লোকসভা ভোটে এ রাজ্যে জঙ্গলমহলে আদিবাসী ভোট এবং উদ্বাস্তু ভোটের একটা বড় অংশই তাদের ঝুলিতে এসেছে। পাশাপাশি উদ্বাস্তুদের কথা মাথায় রেখে লোকসভায় মোদি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ কার্যকর হবে বলে পুজোর আগে উত্তরবঙ্গ সফরে এসে বলে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই লক্ষ্য পূরণেই শাহর এই মধ্যাহ্নভোজ কর্মসূচি।



